>ঈদের নাটকের শুটিং নিয়ে মম এখন ব্যস্ত সময় পার করছেন। এরই ফাঁকে জানা গেল তিনি নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। রফিক শিকদারের আমি শুধু তোর হব ছবিতে মমর সহশিল্পী নিরব। নতুন ছবিটিসহ বিভিন্ন প্রসঙ্গে গতকাল রোববার দুপুরে কথা হলো মমর সঙ্গে।

‘আমি শুধু তোর হব’ ছবিতে কাজ করার জন্য কেন রাজি হয়েছেন? এই ছবিতে বিশেষ কী আছে?
ছবির গল্পে সরলতা আছে। চরিত্রের বহুমাত্রিকতা আমাকে আকৃষ্ট করেছে। পরিচালক যেভাবে আমার চরিত্র বর্ণনা করেছেন এবং প্রযোজককে যতটা সহযোগিতাপরায়ণ মনে হয়েছে, তাতেই ছবিতে কাজ করতে রাজি হয়েছি। আরেকটা কথা হচ্ছে, এই ছবির গল্পটা নকল নয়।
তার মানে কী বোঝাতে চাইছেন?
আমরা তো হরহামেশাই অনুকরণ করা গল্পে ছবি তৈরির কথা শুনতে পাই। তবে আমি বরাবরই মৌলিক গল্পের ছবিতে অভিনয় করেছি। নকল গল্পে কোনো দিন কাজ করতে চাই না।
শোনা যাচ্ছে, ছটকু আহমেদ পরিচালিত ছবিতে অভিনয় করবেন?
দলিল ছবির গল্পটি নিয়ে পরিচালক আমার সঙ্গে কথা বলেছেন। হয়তো কয়েক দিনের মধ্যে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।
কিছুদিন আগে ‘স্বপ্ন বাড়ি’ নামের একটি ছবির কথাও বলেছিলেন?
পরিচালক জানিয়েছেন, আগস্টে ছবিটির শুটিং শুরু হবে। এই ছবিতে আমার সহশিল্পী আনিসুর রহমান মিলন। সিনেমার গল্পে দেখা যাবে, এক দম্পতি একটি বাড়ি ভাড়া নেয়। এরপর সেই বাড়িতে ঘটতে থাকে নানা ঘটনা। এর পেছনে লুকিয়ে থাকে রহস্য।
এবারের ঈদে তো বেশ কয়েকটি নাটকে দেখা যাবে আপনাকে...
এবারের ঈদে গুণী কয়েকজন নির্মাতার নাটকে অভিনয়ের সুযোগ হয়েছে। নাটকগুলোতে কাজ করার সময় আমার চরিত্রগুলো নিয়ে কোনো একঘেয়েমি অনুভব করিনি। আমি তো এমনিতে রোমান্টিক ঘরানার নাটকে বেশি অভিনয় করি। এবারের নাটকগুলোতে রোমান্টিকতার বাইরে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারও ফুটে উঠেছে।
সাক্ষাৎকার: মনজুর কাদের