‘যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে ধার্য, গণহত্যাকারী সংগঠনের বিচার অনিবার্য’—এই স্লোগানে আজ থেকে শুরু হচ্ছে এ বছরের বিজয় উৎসব। আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতবারের চেয়ে আরও বড় পরিসরে এ বছর উৎসব উদ্যাপিত হবে। এ জন্য সাজসাজ রব নগরজুড়ে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানালেন এবারের উৎসবের পরিকল্পনা ও ভিন্নতা নিয়ে—

উৎসবের শুরু?
কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বেলা সাড়ে তিনটায় উদ্বোধন করা হবে উৎসব। উদ্বোধন করবেন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়া রাষ্ট্রপক্ষের কৌঁসুলি, তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের একটি প্রতিনিধিদল। এ দলের নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল।
এবারের উৎসবের অংশগ্রহণকারীদের নিয়ে কিছু বলুন।
দেশের দেড় শ সাংস্কৃতিক সংগঠনের প্রায় তিন হাজার সংস্কৃতিকর্মী এবারের উৎসবে অংশগ্রহণ করছেন। উৎসবে থাকছে পথনাটক, গণসংগীত, শিশু-কিশোরদের পরিবেশনা, আবৃত্তি, নৃত্য, গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।
কোথায় কোথায় থাকছে মঞ্চ?
ঢাকাজুড়ে প্রায় ১১টি স্থানে উৎসব চলবে। মঞ্চ হিসেবে নতুনভাবে সংযুক্ত হয়েছে উত্তরার রবীন্দ্রসরণি ও বাহাদুর শাহ পার্ক। শহরের এ দুটি স্থানেও উৎসব নিয়ে যাওয়ার ফলে এবার আমরা সত্যিকার অর্থেই এটিকে নগরজুড়ে বিজয় উৎসব বলতে পারি।
কোন চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে?
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্মিত বিভিন্ন সময়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে তিনটি মঞ্চে দনিয়া, মিরপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে। ছবিগুলো হলো ওরা ১১ জন, আগামী, হুলিয়া, চিত্রা নদীর পাড়ে, আমার বন্ধু রাশেদ ও গেরিলা। প্রামাণ্যচিত্রের মধ্যে থাকছে আলবদর, স্টপ জেনোসাইড, কান পেতে রই, নাইন মান্থস টু ফ্রিডম।
বিজয় দিবসের দিন কোনো বিশেষ আয়োজন রয়েছে কি?
অবশ্যই। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরোবে বিজয় শোভাযাত্রা। এটি উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা মুক্তিযোদ্ধার প্রতিকৃতি বহন করা হবে এ শোভাযাত্রায়। তা ছাড়া ১৪ ডিসেম্বরেও থাকছে বিশেষ আলোচনা সভা। বিকেল চারটায় এটি অনুষ্ঠিত হবে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মঞ্চে। সেখানে আলোচনা সভায় উপস্থিত থাকবেন শহীদজায়া পান্না কায়সার ও শ্যামলী নাসরিন চৌধুরী।
সাক্ষাৎকার: আদর রহমান