
‘অন্তরে তুমি চিরদিন’—এই শিরোনামে আজ অনুষ্ঠিত হবে নজরুল উৎসব। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা এ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এ অনুষ্ঠান। জন্মজয়ন্তী পেরিয়ে যাওয়ার পরও নজরুল উৎসব উদ্যাপন প্রসঙ্গে কথা হলো খায়রুল আনাম শাকিলের সঙ্গে। এই শিল্পী বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
জন্মজয়ন্তীর বেশ কয়েক দিন পর এবারের উৎসবটি হচ্ছে। কারণ কী?
আমরা কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উদ্যাপনের জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতিবছরই আমরা এমনটি করে থাকি। কিন্তু এবার মিলনায়তন–সংকটের কারণে নজরুল উৎসব আয়োজনে বিলম্ব হলো। তবে দেরিতে হলেও আমরা আশা করছি, উৎসবে সবাই সমান উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন। আমাদের ‘বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা’ প্রতিবছরের মতো এবারও একঝাঁক নতুন শিল্পীকে মঞ্চে নিয়ে আসছে। নজরুলসংগীতচর্চা ও শুদ্ধতা নিয়ে প্রায়ই একটা সংশয় দেখা যায় অনেকের মনে, নতুনেরা নজরুলকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে তো? আমরা সেই সংশয় কাটানোর জন্যই প্রতিবছর নতুন শিল্পীদের মঞ্চে ওঠাই। এবারও তা-ই করছি।
নজরুলচর্চা নিয়ে নতুনদের আগ্রহ সত্যিই কি আশাব্যঞ্জক?
হ্যাঁ। এখন অনেকেই নজরুলকে জানতে চান। নজরুলসংগীত শিখতে চান। ভালো শিক্ষক পেলে তাঁরা আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে নজরুলচর্চা করে থাকেন। সম্ভাবনা অনেক আছে। আমরা আশাবাদী, সামনে নজরুলকে বোঝেন, জানেন ও চর্চা করেন—এমন অনেক শিল্পীই পাব আমরা।
এখনো নজরুল এতটা প্রাসঙ্গিক কেন?
আমরা নজরুলের ১১৬তম জন্মজয়ন্তী পালন করছি। তাই ধরে নিতে পারি, নজরুলের সৃষ্টিগুলো এখন প্রায় শতবর্ষী। তবে নজরুল বলেন কিংবা রবীন্দ্রনাথ—তাঁরা কিন্তু সেই ১০০ বছর আগেই নিজেদের দূরদৃষ্টি দিয়ে এ সময়ের চিত্রকে নিজেদের সাহিত্যে তুলে ধরেছিলেন। তাঁরা সেই সময়ই অনুধাবন করতে পেরেছিলেন এখনকার সমাজ পরিবর্তনকে। কাজী নজরুল ইসলাম তাঁর শেষ দিন পর্যন্ত বলে গিয়েছিলেন, মানুষ মানুষকে যেন ভালোবাসে। এই বার্তা এখনো যে কতটা প্রাসঙ্গিক, তা আমাদের বর্তমান সময়ের অস্থিরতা দেখলেই বোঝা যায়। তাই বলা যায়, নজরুল এখন কেন, হাজার বছর প্রাসঙ্গিক থাকবেন।
সাক্ষাৎকার: আদর রহমান