>মা হওয়ার বিরতির পর আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। সম্প্রতি দায়িত্ব নিয়েছেন নজরুল ইনস্টিটিউটের নতুন চালু হওয়া নৃত্য বিভাগের। আজ শুক্রবার সকাল ১০টায় বিভাগটির উদ্বোধনী অনুষ্ঠানে নাচ করবেন তিনি। মাতৃত্বের দায়িত্বের সঙ্গে নতুন পাওয়া দায়িত্ব এবং নিজের নৃত্যচর্চা প্রসঙ্গে গতকাল বিকেলে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

ছুটি তাহলে শেষ হলো?
সেই অর্থে মাতৃত্বকালীন ছুটি নিইনি বললেই চলে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই নাচের কোরিওগ্রাফি, নির্দেশনা ও বিভিন্ন অনুষ্ঠানের নাচের দেখভাল করেছি। তবে গত বছরের অক্টোবর থেকে এ বছরের জুন পর্যন্ত মঞ্চ পরিবেশনা বন্ধ ছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানের মাধ্যমে আবার সেটা শুরু করি। ছুটি বলতে ছিল মাত্র আড়াই মাস।
কাল (আজ) নজরুল ইনস্টিটিউটে পরিবেশনার বিষয় কী?
নজরুল ইনস্টিটিউট নাচের বিভাগ চালু করেছে। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলের ‘অঞ্জলি লহ মোর’ গানের সঙ্গে নাচ করব। এটা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি কাজের সূচনা। আমরা নজরুলের কবিতা, গান ও পাণ্ডুলিপির ওপর ভিত্তি করে নৃত্য প্রযোজনা করব। এসব নিয়ে গবেষণার কাজে ইনস্টিটিউট ছাড়াও প্রতিষ্ঠানের বাইরের নজরুল গবেষকদের সহযোগিতা নেব। নজরুলকে নিয়ে এ ধরনের কাজ তুলনামূলক কম হয়েছে।
এখানে কারা শিখতে পারবে?
যে কেউ। এখানে বছরে একবার দুটি বিভাগে শিক্ষার্থী নেওয়া হবে। ৬ থেকে ১২ বছর এবং ১২ থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ভর্তি করানো হবে। শেখানো হবে বিভিন্ন ঘরানার নাচ। আমরা শিক্ষার্থীদের সব ধরনের নৃত্যের ধারণা দেব, প্রয়োজনীয় কর্মশালা করাব। সেগুলো বাস্তবায়ন করব নজরুলের সৃষ্টিকর্মের মাধ্যমে। ইতিমধ্যে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই মাসজুড়ে ভর্তি প্রক্রিয়া চলবে।
এই কোর্সের মূল্যায়ন কীভাবে হবে?
এটি এক বছরের একটি সার্টিফিকেট কোর্স। পরিকল্পনা আছে দুই বছরের একটি কোর্স চালুর। কেবল শুরু হলো, সামনে আরও পরিকল্পনা রয়েছে।
ছেলে অরণ্য এবং নাচ একসঙ্গে কীভাবে সামাল দেবেন?
অরণ্যের জন্মের পর আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। অরণ্যের পরিচর্যা ও নাচের চর্চা দুটিই করছি ক্লান্তিহীনভাবে। দুটিই সন্তানের মতো। এখন এই দুটিকে সমানভাবে দেখভাল করছি।
আপনি কি চান ছেলে বড় হয়ে নাচ করুক?
ছেলে বড় হয়ে সে–ই সিদ্ধান্ত নেবে। আমি নাচ ভালোবাসি। ও যদি ভালোবাসে, তবে নিশ্চয়ই করবে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ