নজরুলসংগীতেরও আলাদা একটা সৌন্দর্য আছে

>বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবার নতুন পরিচয়ে শ্রোতাদের কাছে আসছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন যশোর সেনানিবাসের একটি অনুষ্ঠানে গাইবার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কথায় কথায় জানালেন সংগীতাঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে তাঁর ভাবনা ও নিজের গানের পরিকল্পনা নিয়ে
যশোর থেকে ফিরবেন কবে?
অনুষ্ঠান শেষে বুধবার সকালে সড়কপথে কলকাতা যাব। প্রয়োজনীয় কিছু কাজ সেরে তবেই ঢাকা ফিরব।
শুনলাম লোকগানের একটি অ্যালবাম করছেন?
আটটি গানের মধ্যে পাঁচটি গানে কণ্ঠ দেওয়ার কাজ শেষ। গানগুলোর মিউজিক করেছে কলকাতার পুলক। এখন পর্যন্ত গেয়েছি শাহ আবদুল করিম, রাধারমণ, হাসন রাজা, ফকির আমিন ও গগন হরকরার গান।
সবাই আপনাকে রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবেই চেনেন। হঠাৎ লোকগানের অ্যালবাম করার ভাবনা কীভাবে মাথায় এল?
আইয়ুব বাচ্চুর সঙ্গে রিয়েলিটি শো ‘বাংলার গান’–এর বিচারক থাকার সময় মনে হলো, লোকগান কত সমৃদ্ধ! অথচ সবাই এই লোকগানের রিদমটাকেই হাইলাইট করে। এটার যে ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং তা কত উচ্চপর্যায়ের, সেটা অনেকটাই অনুপস্থিত। এটি আমাকে নাড়া দিয়েছে। আমার মনে হয়, রবীন্দ্রসংগীত অনেক সফিসটিক্যাটেড আর লোকগান মাটির কাছাকাছি—খুব সহজ-সরল এবং প্রাণের কথা বলে। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক দর্শনের ভিত তো বাংলার এই লোকগান থেকে। সবকিছু মিলে লোকগানের অ্যালবামের পরিকল্পনা করা।
সংগীতায়োজনে নতুনত্ব থাকছে কি?
আমি গানগুলোয় একদম টিপিক্যাল ফোক ব্যাপারটাই রেখেছি। গানগুলোয় সারিন্দা, একতারা, দোতরা, ঢোল—এসব ব্যবহার করেছি।
নজরুলসংগীতের অ্যালবামের ভাবনা
আমার স্কুল সুরের ধারায় বাচ্চাদের নজরুলসংগীত শেখানো হয়। বাচ্চারা যখন নজরুলে গান করে, খুব ভালো লাগে। নজরুলসংগীতেরও আলাদা একটা সৌন্দর্য আছে। খুব মেলোডিয়াস। বলা যেতে পারে, একটু বৈচিত্র্য আনা আরকি। যেমন, যারা রোজ ভাত খায়, মাঝেমধ্যে চায়নিজ খেতে ইচ্ছে করে না (হাসি)।
কোন গানগুলো গাইবার পরিকল্পনা করেছেন?
আগে দেখি কোন গানগুলো কণ্ঠে তুলতে পারলাম। কলকাতা থেকে ফিরে কাজ শুরু করব।
একটি বই লেখার কথা শুনছিলাম
বইটি লেখার কাজ শেষ। প্রবন্ধের সংকলন। বইয়ের বিষয়বস্তু রবীন্দ্রনাথের গান।
রবীন্দ্রসংগীতের চর্চটা কেমন হচ্ছে?
ছেলেমেয়েদের এখন সাধনাটা বেশি দরকার। ওদিকে আরও মনোযোগী হতে হবে। সাধনা তো এখন নেই-ই। এখন সবাই ইউটিউবে গান দিচ্ছে, স্টার হয়ে যাচ্ছে!
আপনার পরামর্শ কী?
সবাইকে বলতে হবে, শেখো, গাও এবং শেখো। গানের গুণগত মান তো একেবারে শেষ। এখন তো আবার সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল নিয়ে মাতামাতি অনেক ক্ষতিকর। আমরা তো গান শিখে, গান গেয়ে জীবন কাটিয়ে দিচ্ছি।