নজরুলের চরিত্রগুলো চোখের সামনে চলে আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নজরুলজয়ন্তী উপলক্ষে আজ রাতে এনটিভিতে সম্প্রচারিত হবে নাটক ধূমকেতু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘আমায় নহে গো ভালোবাসো শুধু/ ভালোবাসো মোর গান’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এ নাটকের নাট্যরূপ দিয়েছেন সারোয়ার রেজা জিমি, পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটির মূল চরিত্রে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে। কথা হলো তাঁর সঙ্গে—
ধূমকেতু নাটকে আফরান নিশো
ধূমকেতু নাটকে আফরান নিশো

‘ধূমকেতু’ নাটকে আপনার চরিত্রটি কেমন?
আমি একটি ব্যান্ডের ভোকালিস্ট। নতুনভাবে কাজী নজরুল ইসলামের গানগুলো গাই। চরিত্রটির একটি বিপ্লবী সত্তা আছে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে নাটকের গল্পের আসল মোড় আসে। ঘটনাক্রমে এক বিবাহিত নারীর সঙ্গে আমার পরিচয় হবে। তিনিও নজরুলকে ধারণ করেন। ফলে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই মেয়েটিও আমাকে ছেড়ে যাবে।
নজরুলের যে গানটি থেকে ‘ধূমকেতু’ নির্মিত, সেই গান সম্পর্কে ধারণা আগে থেকেই ছিল? চিত্রনাট্য পড়ার পর নতুন করে গানটি শুনেছেন? 
‘আমায় নহে গো ভালোবাসো শুধু/ ভালোবাসো মোর গান’ নজরুলের খুব জনপ্রিয় একটি গান। শোনা তো ছিলই। এমনকি আমি মাঝে মাঝে গুনগুন করে গাইও। গানের মূলভাব নিয়ে চিত্রনাট্য তৈরির ধারণাটা ভালো।
নজরুলের গল্প, উপন্যাস পড়ার অভ্যাস আছে? 
নিয়মিত পড়া হয়, তা নয়। মাঝেমধ্যে চেষ্টা করি। আমাদের এখানে নজরুল ও রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁদের নিয়ে নতুন করে ভাবা হয়। তাঁদের গান বা গল্প থেকে নাটক নির্মাণ করা হয়। এ সময় তাঁদের নিয়ে চর্চার খানিকটা সুযোগ হয়। তবে নজরুলের গান প্রায়ই শুনি।
নজরুলের গল্প এবং তাঁর সাহিত্য থেকে অনুপ্রাণিত চিত্রনাট্য—দুটোর কোনটি পড়লে চরিত্র ধরতে সুবিধা হয়?
চিত্রনাট্য। মনে হয়, পুরো বিষয়টি চোখের সামনে ভাসছে। নজরুলের সৃষ্ট চরিত্রগুলো চোখের সামনে চলে আসে। নজরুলের সাহিত্য সরাসরি পড়ার সময় সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো উল্টোটা হয়।
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর একটি খণ্ডনাটকে কাজ করছেন শুনলাম। কেমন অভিজ্ঞতা হলো?
কাজটি করার আগে আয়নাবাজির বিষয়টি মাথায় রাখিনি। মনে রেখেছি, এটা একটা ফ্রেশ গল্প। কারণ, এই সাত পর্বের পরিচালক, শিল্পীদের মধ্যে একটা নীরব প্রতিযোগিতা থাকবে। সেই চাপটা নিতে চাইনি। আমার পর্বের নাম ‘রাতুল বনাম রাতুল’। পরিচালক সুমন আনোয়ার। শুটিং প্রায় শেষ।