
লোকসংগীতের কিংবদন্তি আবদুল আলীমের ৮৪তম জন্মবার্ষিকী ছিল গত ২৭ জুলাই। এ কিংবদন্তির জন্মবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গাইবেন তাঁর কন্যা নূরজাহান আলীম। তাঁর সঙ্গে গাইবেন সাজেদ ফাতেমী। এ নিয়েই কথা বললেন তিনি
কোন গানগুলো শোনাবেন আজ?
মূলত ভাটিয়ালি ও বিচ্ছেদি গান। অনুষ্ঠানে গাওয়া হবে ১৫টি গান। এর মধ্যে দুটি থাকবে সাজেদ ফাতেমীর সঙ্গে দ্বৈত কণ্ঠে। এ ছাড়া চলচ্চিত্রের গানসহ বাবার গানও করব।
আপনি তো ফোক, ধ্রুপদি, আধুনিক—সব গানই করেন। স্বাচ্ছন্দ্যবোধ করেন কোনটায়?
বাবার গান গাইতেই বেশি ভালো লাগে। তবে আধুনিক গানও করি।
জেনেছি, নতুন একটি অ্যালবামের জন্য গান করছেন। সেটা নিয়ে বলুন একটু।
অ্যালবামটির নাম আ ট্রিবিউট টু আবদুল আলীম। বাবার গানগুলো থাকবে তাতে। সংগীতায়োজনে থাকবে ভিন্নতা। দোতারা, বাঁশির পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংগীতায়োজন করা হচ্ছে। নতুন প্রজন্মের কাছে তাঁদের পছন্দসই করে আবদুল আলীমকে তুলে ধরার প্রচেষ্টা বলা যায়।
বাবাকে নিয়ে আর কী কাজের পরিকল্পনা?
বাবার বহু জনপ্রিয় গান আছে। সেগুলো শোনে মানুষ, কিন্তু এই প্রজন্মের অনেকেই জানে না গানগুলোর শিল্পী কে। নতুন প্রজন্মের কাছে নতুন করে বাবাকে তুলে ধরতে চাই। তাই তাঁর সেই গানগুলো নিয়ে কাজ করে যাচ্ছি।
আর নিজের কাজগুলো?
গত বছর প্রকাশিত হয়েছিল মৌলিক গানের অ্যালবাম মাঝি। ইচ্ছে আছে চলচ্চিত্রে গান করার। যেহেতু বাবা আধুনিক, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত—সবই করেছেন, আমিও করতে চাই। তবে বেছে বেছে করার ইচ্ছে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ