>হাবিব ওয়াহিদ–এর গাওয়া ‘তুমিহীনা’ গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে ১৫ জানুয়ারি রাতে। গানটি লিখেছেন মিনার। সুর ও সংগীত হাবিবের নিজের। ভিডিওটি পরিচালনা করেছেন তোফায়েল রশিদ। বছরের শুরুতে মুক্তি পাওয়া তাঁর এই গানের অনলাইন পার্টনার কায়নাটিক নেটওয়ার্ক। নতুন গান ও তাঁর নতুন বছরের পরিকল্পনাগুলো নিয়ে কথা হলো হাবিবের সঙ্গে।

কেমন সাড়া পাচ্ছেন নতুন ভিডিওটির?
আমাদের মিউজিক ভিডিওগুলো সাধারণত গ্ল্যামারাস হয়। ভিডিওতে মডেল থাকে, লোকেশনগুলো চাকচিক্যময় হতে হয়। মোটকথা, দর্শকদের বিনোদনের কথা ভেবেই এসব করতে হয়। কিন্তু এই ভিডিওটি একেবারেই সাদামাটা করা হয়েছে। কোনো মডেল নেই। তাই যতটুকু আশা করেছি, তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। এর কারণ হতে পারে, রবি ইয়োন্ডারে আগেই মুক্তি পেয়েছে এই গানের অডিও। তাই হয়তো গানটির ভিডিওর জন্য দর্শকের আলাদা একটা অপেক্ষা ছিল।
সংগীতশিল্পী মিনারকে দিয়ে গানটি লেখানোর কোনো কারণ আছে?
মিনার সাধারণত তাঁর নিজের জন্য গান লেখেন। মাঝেমধ্যে কিছু গান তাহসানের জন্যও লেখেন। মিনারের লেখা গানগুলো পশ্চিমা ধাঁচের সুরের সঙ্গে বেশ ভালো যায়। তাঁর কথার গাঁথুনি তেমনই হয়। এই গানও তেমন। তাই নতুন সুরটি তৈরির পর মনে হলো, মিনার গানটি লিখলে ভালো হয়।
২০১৬ সালের শুরুতে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে যা বলেছিলেন, সেভাবেই বছরটি শেষ করেছেন। ২০১৭–তে কী পরিকল্পনা করছেন?
পরিকল্পনা আগের মতোই। গান ও গানের ভিডিও নিয়ে একইভাবে কাজ করতে চাই। তবে আগে যে ধরনের কাজ করেছি, একই ধরনের কাজ করব না। আশা করছি, নতুন বছরে কাজের মধ্যে ভিন্নতা থাকবে।
নতুন বছরে চলচ্চিত্রের গানে কেমন সময় দিতে চান?
গেল বছর প্রচুর ফিল্মের গান করেছি। পাশাপাশি নিজের গানের ভিডিও করেছি। খেয়াল করে দেখলাম, ফিল্মের গানের চেয়ে নিজের গানের ভিডিওতে দর্শকের আগ্রহ বেশি। ফিল্মের গানেও থাকব। তবে অবশ্যই ভালো গল্প, ভালো মেকিং হতে হবে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন