প্রায় ২৫ দিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে গত সপ্তাহে দেশে ফিরেছেন শিল্পী হাবিব ওয়াহিদ। নতুন করে সাজিয়েছেন নিজের গানের স্টুডিও। শুরু করেছেন নতুন গানের কাজ। শিগগিরই শুরু করতে যাচ্ছেন নতুন কাজ। সেসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে এত দিন কী করলেন?
বেড়ানোর ভিসায় গিয়েছিলাম। কোনো গানের অনুষ্ঠানে অংশ নিইনি। এবার দুটি বিষয় মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। এক. বেড়ানো, দুই. স্টুডিওর জন্য নতুন কিছু সরঞ্জাম কেনা।
হ্যাঁ, শুনলাম নতুন করে স্টুডিও সাজাচ্ছেন...
ঠিকই শুনেছেন। এরই মধ্যে স্টুডিওটি নতুন পরিসরে সাজিয়েছি। কাজও শুরু করে দিয়েছি।
হঠাৎ স্টুডিও সাজাতে গেলেন কেন?
খেয়াল করলে দেখবেন, বর্তমান সময়ে গানের বাজার কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। গানকে রিংটোন, ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের জন্য শিল্পী যে সম্মানী পেতেন, তাতেও ভাটা পড়েছে। দর্শক-শ্রোতাদের তো নতুন মৌলিক গান দিতে হবে। তাহলেই গানের বাজার আবার আগের মতো হয়ে উঠবে। সে কথা মাথায় রেখেই স্টুডিওটি ঢেলে সাজানো ও নতুন যন্ত্রপাতি সংযোজন করা। গান নিয়ে কিছু বিশেষ পরিকল্পনাও হাতে নিয়েছি।
সেটা কেমন?
শ্রোতারা আমাকে বেশি বেশি গান করতে উত্সাহিত করেন। তাঁদের জন্য এখন থেকে প্রচুর গান করব বলে ঠিক করেছি। গানগুলোর ‘লিরিক ভিডিও’ তৈরি করে একে একে ইউটিউবে ছাড়ব। গানের সুর, সংগীত, কণ্ঠ ও ইউটিউব চ্যানেল সবই আমার। আশা করি, নিজের মতো করে স্বাধীনভাবে গানগুলো তুলে ধরতে পারব। তবে এখনো এগুলো পরিকল্পনামাত্র। কতটুকু বাস্তবায়ন করতে পারব, তা এখনই বলা যাচ্ছে না।
নতুন গানের কাজ কতটা এগোল?
‘কাছে তবু দূরে’ শিরোনামে একটি গানের কাজ করছি। গানটি হবে ন্যান্সির সঙ্গে দ্বৈতকণ্ঠে। আমার কণ্ঠ দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে ন্যান্সির কণ্ঠ নেওয়া হবে। নতুন কিছু শিল্পীও বের করে আনতে চাই।
শিগগিরই কোনো নতুন ভিডিও পাওয়া যাচ্ছে?
‘ঘুম’-এর পর আর ভিডিও করা হয়নি। তবে এর মধ্যে একটি ভিডিওর কাজের কথা চূড়ান্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন