>

অভিনেতা ফজলুর রহমান বাবু সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন টেলিভিশন নাটকের কাজ নিয়ে। এই যেমন আজও দেখা যাবে এই অভিনেতাকে আরটিভিতে শান্তি অধিদপ্তর নাটকে। ফজলুল হকের লেখা নাটকটির পরিচালক সৈয়দ শাকিল। তবে এই মুহূর্তে নাটক নয়, ফজলুর রহমান বাবুর ভাবনার অনেকটাজুড়েই আছে চলচ্চিত্র। গতকাল শুক্রবার বিকেলে যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন তিনি ছিলেন বাসায়। নতুন কাজের খবরের পাশাপাশি জানালেন ভাবনাও।
শুক্রবার কি বাসায় থাকেন?
এদিন সাধারণত কোনো শুটিং রাখি না। বউ-বাচ্চাদের সময় দিই। নাটক বা সিনেমার শুটিংয়ের কারণে সপ্তাহের অন্যান্য দিন বাসার মানুষদের সময় দেওয়া হয় না। সে কারণে শুক্রবার ফ্যামিলি ডে। সারা দিন সবাই একসঙ্গে থাকা-খাওয়া করি, আড্ডা দিই, সবাই রাজি থাকলে বাইরে কোথাও থেকে ঘুরেও আসি।
ইদানীং কী কাজ নিয়ে ব্যস্ত?
সিনেমার কাজই করছি। কিছুদিন আগে চট্টগ্রাম থেকে তৌকীর আহমেদ পরিচালিত হালদা সিনেমার কাজ করে এলাম। আরও কয়েক দিনের শুটিং বাকি। এই ছবিতে আমি মাঝির চরিত্রে অভিনয় করেছি। আর আমার মেয়ের চরিত্রে আছে তিশা। এটা মানবতার একটি গল্প। পরিবেশ, জীবন-জীবিকা এবং হালদা নদীর পাড়ের মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
এর বাইরে আর কী সিনেমার কাজ চলছে?
মেয়েটি এখন কোথায় যাবে নামের আরেকটি সিনেমায়ও কয়েক দিন শুটিং করেছি। ইমদাদুল হক মিলনের চিত্রনাট্যে এই ছবির পরিচালক নাদের চৌধুরী। এই ছবিতে আমি একটি গানও গেয়েছি। ইমন সাহার সুর ও সংগীতে সিনেমার গানটি গাইলাম। এক দশক আগে তাঁর সুর ও সংগীতে মনচোরা নামে একটি অ্যালবামে গান গেয়েছিলাম। নতুন ছবিতে গাওয়া লোকধাঁচের গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।
সিনেমার ক্ষেত্রে কোন ধরনের ছবি?
নাচে-গানে ভরপুর সিনেমায় অনাগ্রহী। আমি মনে করি, যে ছবি আমি নিজে পরিবার নিয়ে দেখতে পারব না, সে ধরনের ছবিতে কোনো দিনই অভিনয় করিনি। জীবনঘনিষ্ঠ সিনেমায় কাজ করতে ভালো লাগে এবং সেই সিনেমায় গল্প বলার ধরনটাও ভালো হতে হবে। আর তাই তো গিয়াসউদ্দীন সেলিম, তৌকীর আহমেদের মতো নির্মাতারা যখন ছবি বানায়, তখন আনন্দ নিয়ে কাজ করি। আমি কিন্তু নিজেও জীবনের প্রথম সিনেমা দেখেছি মায়ের সঙ্গে। খুলনার পিকচার প্যালেসে দেখা সেই সিনেমার নাম ছিল রূপবান। এরপর আরও অসংখ্যবার মা-বাবা ও বোনের সঙ্গে সিনেমা দেখেছি। এখন বেশির ভাগ সিনেমা অশ্লীলতায় ভরা। তাই ওই ধরনের ছবিতে অভিনয় করতেও রাজি হই না।
আজ রাতে আরটিভিতে ‘শান্তি অধিদপ্তর’ নাটকটি দেখানো হবে। তাতেও তো আপনাকে দেখা যাবে।
হ্যাঁ। আরটিভির এই নাটকের গল্প একটি অধিদপ্তরকে ঘিরে। প্রতীকীভাবে এখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে। আমিও বেশ আনন্দ নিয়ে নাটকটিতে অভিনয় করছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের