শুক্রবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছে রোমিও বনাম জুলিয়েট। যৌথ প্রযোজনার এ ছবির নায়িকা মাহিয়া মাহি। ছবি মুক্তির পর থেকেই তিনি ছুটছেন ঢাকার আশপাশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এ ছোটাছুটির ফাঁকেই কথা বললেন মাহি

কোথায় কোথায় ছবি দেখলেন?
এরই মধ্যে আমি সাভার, গাজীপুরের কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে ছবি দেখেছি। তাদের সাড়ায় আমি অভিভূত। চন্দ্রিমা সিনেমা হলে রাত ৯টার শো পর্যন্ত হাউসফুল ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
তাহলে তো দারুণ খুশি আপনি?
অবশ্যই। আমার অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় লেগেছে—ভালো তো লাগবেই। তবে একটা শূন্যতার জায়গা রয়েছে। আমাদের নিজেদের ছবিতে যদি দর্শকের এমন সাড়া মিলত, তাহলে আরও বেশি খুশি হতাম।
এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা...
যৌথ প্রযোজনার ছবি করতে গিয়ে দেখলাম, ওপার বাংলায় পেশাদারির প্রশ্নে কোনো ছাড় নেই। শুটিং করে তেমন মজা পাইনি। ওখানে শিল্পীদের মধ্যে কাজের বাইরে আন্তরিকতার অভাব আছে বলে মনে হলো। কাজ শেষ, এরপর কেউ কাউকে চেনেন না। অথচ আমাদের এখানে সেটে সবাইকেই কত আপন মনে হয়।
নতুন ছবির খবর বলুন
যৌথ প্রযোজনায় আরও তিনটি ছবির কাজ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা আছে—অগ্নি-২, নিয়তি ও পুলিশগিরি। অঙ্কুশের পর এবার ওম নামে কলকাতার আরেক নায়কের সঙ্গে অভিনয় করছি।
শুনলাম মুম্বাই যাচ্ছেন?
হ্যাঁ। নাচের ওপর প্রশিক্ষণ নিতে মুম্বাই যাচ্ছি। সেখানে শ্যামক দাভারের নাচের একাডেমিতে এক মাসের একটি কোর্স করব। ২১ জানুয়ারি মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেব।
সাক্ষাৎকার: শফিক আল মামুন