নাটক চলে গেছে বেনিয়াদের হাতে: আবুল হায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটক কিংবা চলচ্চিত্রে ‘বাবা’ চরিত্রে দেখা মেলে তাঁর। অভিনয়ের পাশাপাশি নির্মাণের সঙ্গে জড়িত। তিনি আবুল হায়াত। এই সময়ের নাটক নির্মাণ এবং প্রবীণ অভিনেতাদের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন হাবিবুল্লাহ সিদ্দিক
আবুল হায়াত। ফা্ইল ছবি
আবুল হায়াত। ফা্ইল ছবি

ঈদে নাটকে শুটিংয়ের চাপ কেমন ছিল? 
বেশ চাপ ছিল। ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করতে হয়েছে। ঈদের আগে এ রকম চাপ থাকেই। তবে শুধু ঈদের নাটকই নয়, নিয়মিত ধারাবাহিকগুলো করতে হয়েছে। তাই একটু বাড়তি চাপ ছিল।
একটা অভিযোগ রয়েছে, ঈদে সিনিয়র শিল্পীদের কদর কম থাকে।
এটা ঈদের জন্য নয়। এটা বেশ কিছুদিন ধরে চলছে। কিছু এজেন্সি আকাশ থেকে পড়েছে, তারা বৃদ্ধ শিল্পীদের বাদ দিয়ে নাটক করতে উৎসাহী। তাদের ধারণা, আমাদের জগতে ও সমাজে কোনো বৃদ্ধ-বৃদ্ধা নেই। শুধু তরুণ-তরুণীরা আছে। এ সমাজে তাদেরই বিচরণ। তারা ডিরেক্টরদের বলে দেয়, বুড়া মানুষদের নাটকে নেওয়ার দরকার নেই।

এ ক্ষেত্রে কি গল্প বলতে সমস্যা হয় না? কিংবা নির্মাণে?
আমি জানি না ঠিক কী হচ্ছে। এটা তো তোমরা দেখছ, গল্প কিসের মধ্যে সীমাবদ্ধ। আরও একটা ব্যাপার হলো, বৃদ্ধদের সম্মানীও খুব কম দেওয়া হয়। সে তুলনায় ইয়াংদের চার-পাঁচ গুণ টাকা দেওয়া হয়। এভাবেই চলছে পুরো মিডিয়া।

এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী বলে মনে হয় আপনার?
আমরা যারা নির্মাতা, তাদের হাতে আর নাটক নেই। নাটক চলে গেছে বেনিয়াদের হাতে। তারা তাদের ইচ্ছামতো নাটক বানাচ্ছে। তাদের হাত থেকে সরে সত্যিকারের নির্মাতা এবং চ্যানেলের হাতে পড়লেই এ অবস্থার পরিবর্তন হবে।

নাটক যে আপনাদের হাত থেকে সরে গেল, এই ব্যর্থতা কাদের বলে মনে হয় আপনার?
এটা চ্যানেলের ব্যর্থতা। চ্যানেল যদি চায়, তাহলে যেকোনো সময় এই অবস্থার পরিবর্তন হতে পারে। তাদের বুঝতে হবে, দিন দিন আমাদের দর্শক হারিয়ে যাচ্ছে। চ্যানেল খারাপ নাটক প্রচার করলে দর্শক মুখ ফিরিয়ে নেবেই। চ্যানেল যেহেতু নাটকটি প্রচার করে এবং তারা নাটকটি কেনে, সে ক্ষেত্রে তাদের তো উচিত নাটকটির মান যাচাই করে কেনা। যখন মান যাচাই করবে, তখন মানহীন নাটকগুলো আর প্রচারিত হবে না।

এবারের ঈদে কয়টি নাটক নির্মাণ করলেন?
দুটো বা তিনটি নাটক প্রচারিত হবে। এর মধ্যে একটি যাবে এটিএন বাংলায়, আরেকটি চ্যানেল আইতে। এ ছাড়া আমার অভিনীত কয়েকটি নাটক প্রচারের কথা রয়েছে।