নাটকে অ্যানিমেশনের কাজ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায় অপূর্বকে। এবার সেটি থেকে বেরিয়ে ভিন্ন ধরনের গল্পের নাটকে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাঁকে। নাটকের নাম ডিস্ক। ফরহাদ হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন অপূর্ব। গতকাল শনিবার শুরু হয়েছে শুটিং।
অপূর্ব
অপূর্ব

নাটকে আপনার চরিত্রটি কেমন?
ভিনগ্রহ থেকে একদল এলিয়েন এসে পৃথিবী থেকে কিছু মানুষ নিয়ে যায়। কেন নিয়ে যায়, তা বের করার কাজ করেন একজন বিজ্ঞানী। আর এই বিজ্ঞানীর চরিত্রেই অভিনয় করছি আমি। সাধারণত আমাদের দেশের নাটকগুলোতে এ ধরনের গল্প দেখা যায় না। কাজটি অনেক বড় বাজেটে, বড় আয়োজনে হচ্ছে। ইনডোরের চেয়ে আউটডোরের কাজই বেশি। নাটকে বিদ্যুৎ–চালিত খেলনা ড্রোন ব্যবহার করা হচ্ছে। প্রচুর অ্যানিমেশনের কাজ আছে এটিতে।
গ্যাংস্টার রিটার্ন ছবির কাজ শেষ হয়েছে অনেক আগেই। কবে মুক্তি পাবে?
প্রায় আড়াই বছর হয়ে গেল ছবির কাজ শেষ হয়েছে। অনেক দিন হলো সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এর মধ্যে আমার সঙ্গে প্রযোজকের কথা হয়েছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে।
নতুন আর কোনো ছবিতে অভিনয়ের কথাবার্তা হয়েছে কি?
নতুন ছবিতে অভিনয়ের জন্য আমার সঙ্গে বেশ কয়েকজন পরিচালক কথা বলেছেন। কিন্তু এখন আর কোনো নতুন ছবিতে কাজ করতে চাইছি না। আগে গ্যাংস্টার রিটার্ন মুক্তি পাক, তারপর নতুন ছবির ব্যাপারে ভাবব। আসেল প্রথম ছবি মুক্তির পর আমার অভিনয় সম্পর্কে দর্শকের প্রতিক্রিয়া দেখতে চাই।
মানসিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবেন বলে শুনলাম...
হ্যাঁ। এরই মধ্যে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। দেশের বাইরেও একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। এ উদ্দেশ্যে বছরের শেষের দিকে দেশের বাইরে যাব। সবার দিক থেকেই উদ্যোগটির জন্য ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা যাঁরা সমাজের পরিচিত মুখ, সুযোগ হলে তাঁদের এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসা উচিত বলে মনে করি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন