
ঈদ ও মায়ের টানে বাড়িফেরা...
আমার ঈদের ছুটিটা কাটছে সিরাজগঞ্জে, মায়ের কাছে। এখানে এসেছি ঈদের দিন দুপুরবেলা। ততক্ষণে কোরবানি হয়ে গেছে। আসলে বাড়িতে মা, ভাইবোনসহ ঈদ উদ্যাপনের মজাই ভিন্ন রকম। আমরা পাঁচ ভাই, তিন বোন। ঈদ উপলক্ষে এবার সবাই একসঙ্গে হয়েছিলাম। বেশ কিছুদিন ধরে মা অসুস্থ। খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন ঈদের দু-এক দিন আগে। তাই মায়ের অসুস্থতা নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলাম আমরা। তবে ঈদের দিন মা যখন শোয়া থেকে উঠে বসলেন, আমাদের সবার সঙ্গে কথা বললেন; আমাদের কাছে সেটি ছিল এক অন্য রকম মুহূর্ত। এবারের ঈদ আমার কাছে তাই স্মরণীয় হয়ে আছে।
বন্ধু, কী খবর বল...
ঈদের ছুটিতে সিরাজগঞ্জে আমাদের বাড়িতে এলেই বন্ধুবান্ধবের সঙ্গে চলে ধুন্ধুমার আড্ডা। বেশির ভাগ সময় আড্ডা বসে সাহেবনগরে অবস্থিত আমাদের বাড়ি কিংবা আমার বন্ধু আবদুল মমিন বা হায়দার রহমানের বাড়িতে। আড্ডা শুরু হলে প্রথমে একে অন্যের খোঁজখবর; তারপর একথা-সেকথা পেরিয়ে আড্ডাটা যে কত দূর যায়!
ঈদের নাটক দেখেছেন?
এবার ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। সেগুলোর মধ্যে দু-একিট দেখেছি। কিন্তু সব নাটক দেখা হয়নি। বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে কতক্ষণ আর নাটক দেখা যায়।
নাটক নিয়ে এক টুকরো...
নাটকে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। কোথাও কোনো নীতিমালা নেই। একটি নাটক কীভাবে প্রচারিত হবে, তার যেমন নীতিমালা নেই, একইভাবে নাটক নির্মাণের ক্ষেত্রেও কোনো নীতিমালা নেই; সব জায়গায় অব্যবস্থাপনা। আর নাটকের ক্ষেত্রে আমাদের বড় সমস্যা হলো বাজেটস্বল্পতা। তার ওপর নির্দেশককে প্রযোজকেরা বলে দেবেন, অমুক শিল্পীকে নিন; এভাবে অন্য কিছু হলেও ভালো নাটক সম্ভব নয়।
একসময় নিয়মিতই মঞ্চে দেখা যেত আপনাকে। কিন্তু এখন আপনি মঞ্চে নেই, কেন?
একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমার নাট্যদল নাট্যকেন্দ্র প্রযোজিত একটি নাটক দেখতে গিয়েছিলাম। সেখানে দলের অন্যতম কর্ণধার ঝুনা চৌধুরী সবার সামনে আমাকে পরিচয় করিয়ে দিলেন দলের ‘প্রাক্তন নাট্যকর্মী’ হিসেবে। আমার কথা হলো, নাট্যকর্মী কি কখনো পুরোনো হন? তবে নাট্যকেন্দ্র আমার প্রাণের সংগঠন। আবার অবশ্যই নাটক নিয়ে মঞ্চে আসব আমি।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ