>গতকাল থেকে বাংলাভিশনে শুরু হয়েছে ধারাবাহিক নাটক একদিন প্রজ্ঞার দিন। সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। কথা হলো তাঁর সঙ্গে।

‘একদিন প্রজ্ঞার দিন’-এর শুটিং হলো কবে?
এই মাসের আগের মাসে। মানে গত এপ্রিলের শেষ দিকে আমরা শুটিং করেছি।
বাহ্, তাহলে শুটিং শেষ করে আর প্রচারের অপেক্ষায় থাকতে হয়নি।
শুটিং করে আমার কখনো বসে থাকতে হয়নি। আর কার বেলায় কী হয়, জানি না। তবে আমার নাটকের শুটিং হলেই প্রচার-প্রচারণার জন্য বসে থাকতে হয় না। আমি এ ক্ষেত্রে লাকি।
‘একদিন প্রজ্ঞার দিন’ কেমন নাটক?
এটা একটা মেয়ের জার্নি। যে মেয়েকে দিয়ে পুরো সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে, চারপাশের বৈরী পরিবেশের সঙ্গে যে যুদ্ধের মধ্য দিয়ে একটা মেয়েকে যেতে হয়, সেটাই দেখানো হয়েছে নাটকে। বলার জন্য বলছি না, নাটকের গল্পটি আসলেই ভালো।
নাটকের গল্পটা কি আপনাকে ঘিরে?
ঠিক তা নয়। কারণ, একা তো আর গল্প হয় না। নাটকে আমার পরিবার, সমাজসহ চারপাশের অনেক কিছুই জড়িত। সবই তুলে ধরা হয়েছে।
এখন লোকে নাটক কম দেখে। আপনার কী মনে হয়?
আমার মনে হয় না নাটক কম দেখে। কারণ, আমরা যখন নাটকের শুটিং করতে যাই, তখন দেখি মানুষের চোখেমুখে কত আগ্রহ। কোন নাটক কেমন লেগেছে, সেটার প্রতিক্রিয়াও জানান অনেকে। এ ছাড়া আর কী করলে নাটকটি আরও ভালো হতো, সেটাও বলেন তাঁরা। তখন আমরা কীভাবে বলব যে নাটক কম দেখছে? টেলিভিশনে প্রচারের পর নাটক ইউটিউবেও লাখ লাখবার দেখা হচ্ছে। তাই বলা যাবে না, নাটক কম দেখছে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক