নায়িকা হওয়ার জন্য অনেক কষ্ট করেছি: বিপাশা কবির

লাক্স তারকা বিপাশা কবির। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবিতে আইটেম গানে অংশ নিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। এরপর বেশ কয়েকটি ছবিতে আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন বিপাশা। সম্প্রতি গুন্ডামি চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে কাজ শুরু করেছেন তিনি। আইটেম গার্ল থেকে নায়িকা হওয়ার অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
কেমন চলছে গুন্ডামির শুটিং?
খুব ভালো। ছবিটি পরিচালনা করছেন সায়মন তারেক। এই প্রথম আমি নায়িকা চরিত্রে অভিনয় করছি। কাজ করে অনেক ভালো লাগছে। ছবিটিতে আমার সহ-শিল্পী শাহরিয়ার। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, একটি মেয়ে নায়িকা হতে চায়। অবশেষে মেয়েটি একজনের সহযোগিতায় নায়িকা হয়। বাস্তবেও আমি নায়িকা হওয়ার জন্য অনেক কষ্ট করেছি। তাই ছবিটিতে অভিনয় করতে ভালোই লাগছে।
আপনি তো নাটকে অভিনয় করতেন। হঠাৎ করে আইটেম গানে মনোযোগী হলেন কেন?
আমার শুরু থেকেই ইচ্ছে ছিল চলচ্চিত্রের নায়িকা হব। কিছুটা শখের বসে আইটেম গানে অংশ নিয়েছি। ভালোবাসার রঙ ছবিতে আইটেম গানে অংশ নেওয়ার জন্য আমিই নির্মাতাদের অনুরোধ করেছিলাম। তাঁরা আমার অভিব্যক্তি দেখে আমাকে নিয়েছিলেন। আর তখন বলিউডে আইটেম গানের একটা জোয়ার ছিল, যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। এখনো ছবিতে অভিনয়ের পাশাপাশি আমি আইটেম গান করতে চাই।
চলচ্চিত্রে অভিনয়ে আসতে দেরি হলো কেন?
আমি আসলে সুযোগ পাইনি। দর্শকেরা যখন আমাকে আইটেম গানে ভালোভাবে গ্রহণ করেন, তখন কেউ আমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেননি। এর প্রধান কারণ আমাদের দেশে আইটেম গার্ল অনেক কম। তাই হয়তো কেউ চাননি আমি আইটেম গান ছেড়ে অভিনয়ে আসি। তবে দর্শকের অনেক সাড়া পেয়েছি। এমনও শুনেছি, অনেকে শুধু আমার আইটেম গান দেখার জন্যই টিকিট কেটে হলে গিয়েছেন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়।
নাটকে আপনাকে আর দেখা যায় না কেন?
আমি আপাতত নাটকে অভিনয় করছি না। চলচ্চিত্র আমার স্বপ্ন। নিজেকে সফল নায়িকা হিসেবে দেখতে চাই।
আপনি কি কাউকে অনুসরণ করেন?
প্রিয়াঙ্কা চোপড়া এবং কোয়েল মল্লিককে অনেক বেশি ভালো লাগে আমার। তাঁদের অভিনয়, নাচ অনুসরণ করার চেষ্টা করি।
কোথায় লেখাপড়া করছেন?
আমি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি।
অভিনেত্রী না হলে কী হতেন?
আমি ভালো ছবি আঁকতে পারি। অভিনেত্রী না হলে চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করতাম। আর তা না হলে কারও ঘরের বউ হতাম।