নারীদের সাহসী ও আত্মপ্রত্যয়ী হতে হবে
৫০ বছরের বেশি সময়ের সংগীতজীবনে বহু হৃদয়গ্রাহী গান উপহার দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ জন্য দেশ-বিদেশ থেকে অনেক সম্মাননা পেয়েছেন তিনি। ২৫ মে যুক্তরাষ্ট্রের বারিনো ইনস্টিটিউট সম্মাননা জানাবে এই শিল্পীকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় ‘ইন্সপায়ারিং উইমেন ক্রিয়েটিভিটি এন্ট্রাপ্রেনিউরশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ ও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে নিউইয়র্ক যাচ্ছেন তিনি। প্রথম আলোর সঙ্গে গত বৃহস্পতিবার সকালে যখন এই শিল্পীর কথা হয়, তখন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের

প্রথম আলো: যারা সম্মাননা জানাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?
রুনা লায়লা: বারিনো ইনস্টিটিউটের পক্ষে একজন বাঙালি নারী ঢাকায় আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা আমাকে সম্মাননা দিতে চান। জানতে চেয়েছিলেন, আমি তা গ্রহণ করব কি না। আমি বলেছিলাম, বিস্তারিত পাঠালে ভেবে দেখব। পরে সবকিছু দেখে সম্মতি দিয়েছি। তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। আমিও জানিয়েছিলাম যে যাব।
প্রথম আলো: এই সম্মাননার মূল্যায়ন করছেন কীভাবে?
রুনা লায়লা: প্রতিটি সম্মাননাই একধরনের স্বীকৃতি। সেই হিসেবে প্রতিটি সম্মাননাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এত বছর যেসব পুরস্কার পেয়েছি, প্রতিটিই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা আরও বেশি সম্মানের, কারণ এটি দেওয়া হবে ইউনাইটেড নেশনসে। শুধু আমার নয়, এটা পুরো দেশের জন্য গৌরবের বলে মনে করছি। একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করছি। বিশেষ করে সংগীতের মানুষদের জন্য বিষয়টি আরও আনন্দের।
প্রথম আলো: সামনের দিনগুলোর কাজ নিয়ে কী ভাবছেন?
রুনা লায়লা: আমি এখনো সার্কের শুভেচ্ছাদূত। তবে গানের মাধ্যমেই আমি সমাজের জন্য কাজ করে যাচ্ছি। এই সম্মাননা কিন্তু শুধু বাংলাদেশি গায়িকা হিসেবে দেওয়া হচ্ছে, তা নয়। বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় তারা আমাকে নির্বাচন করেছে। আমি বিশেষ শিশুদের নিয়ে কাজ করেছি, অটিজম নিয়ে গানও গেয়েছি। বায়েজীদ খুরশিদের লেখা এবং ফুয়াদ নাসের বাবুর সুর ও সংগীতের সেই গানের ভিডিও ওই অনুষ্ঠানে দেখানো হতে পারে। আমি অনেক রকম সংগঠনের সঙ্গে যুক্ত। সব সময় কিছু না কিছু করতে চেষ্টা করি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কিছু করার সুযোগ থাকলে অবশ্যই করব।
প্রথম আলো: বাংলাদেশের নারীদের উদ্দেশে কিছু বলুন।
রুনা লায়লা: একটাই কথা, শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা থাকলে আমরা আরও আত্মনির্ভরশীল হব। আমাদের নারীরা ভালো ভালো প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালন করছেন। দেশের বাইরে বিভিন্ন জায়গায় তাঁদের উপস্থিতি চোখে পড়ছে। সব জায়গাতেই এখন নারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আরেকটা কথা, নারীদের সাহসী ও আত্মপ্রত্যয়ী হতে হবে। মনোবল হারালে চলবে না। চ্যালেঞ্জ আসবে, তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে।