নিজ হাতে কালাভুনা, ঝালভুনা রান্না করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুবলী l ছবি: প্রথম আলো
বুবলী l ছবি: প্রথম আলো
ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে তিনটি ছবি। এর মধ্যে রংবাজ ও অহংকার ছবি দুটির নায়িকা বুবলী। একদিকে কোরবানির ঈদ, অন্যদিকে দুই ছবির মুক্তি। সব মিলিয়ে এবারের ঈদটি বুবলীর কাছে দারুণ আনন্দময়। ঈদের ছবির খবরাখবরসহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন ঢালিউডের এই নায়িকা।

ঈদের দিনটি কীভাবে কাটালেন?

আনন্দ-উত্তেজনার মধ্য দিয়েই দিনটি কেটেছে। নিজ হাতে কালাভুনা, ঝালভুনা রান্না করেছি। তা ছাড়া সারা দিন বড়দের কাছ থেকে ঈদের সালামি নিয়েছি, ছোটদের দিয়েছি। দিনটি পরিবারের সবার সঙ্গে মজা করেই কেটেছে।

কোরবানি দিয়েছেন?

প্রতিবছরই গরু কোরবানি দিই। এবারও। হাট থেকে গরু কিনে আমরা নাম রাখি। গত বছর নাম দিয়েছিলাম যুবরাজ, তার আগের বছর শাহেনশাহ আর এবার দিয়েছিলাম পঙ্খীরাজ। পরে খারাপ লাগে। দু-তিন দিন নাম ধরে ডাকার পর যখন গরুটি কোরবানি দেওয়া হয়, তখন মায়া লাগে।

যেহেতু ঈদের দুই ছবিতেই আপনার নায়ক শাকিব খান, ঈদের দিন কি দেখা হয়েছে তাঁর সঙ্গে?

হ্যাঁ, দেখা হয়েছে। ঈদের দিন তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমিও তাঁকে ঈদের শুভেচ্ছা দিয়েছি, দাওয়াতও করেছিলাম। ঈদের দিন সন্ধ্যায় তিনি এসেছিলেন আমাদের বাসায়। আধা ঘণ্টার মতো ছিলেন।

নিজের ছবি দেখতে হলে গিয়েছেন?

না, এখনো যাইনি। কোরবানির ঈদে প্রথম দিন প্রেক্ষাগৃহে দর্শক ওইভাবে জমে না। সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। মূলত দ্বিতীয় দিন থেকে ঈদের ছবি দেখতে দর্শক হলমুখী হন। শাকিবের সঙ্গেও কথা হয়েছে, একসঙ্গে আমাদের দুজনের ঢাকার মধ্যে বেশ কয়েকটি হলে সফর করার পরিকল্পনা আছে।

পরিবারের সঙ্গে দেখবেন না?

গত বছর ছোট ভাইকে সঙ্গে করে বসগিরি ছবিটি দেখতে গোপনে চম্পাকলি হলে গিয়েছিলাম। এবারও ছোট ভাইকে নিয়ে একইভাবে পরপর দুটি ছবিই দেখার ইচ্ছা আছে। তবে এবার ঢাকার মধ্যে যেকোনো দুটি হলে দেখব। আগে অহংকার ছবিতে কাজ করেছি, তাই অহংকার আগে দেখব। তারপর রংবাজ।

কেমন সাড়া পাচ্ছেন?

দুটি দুই ধরনের ছবি। রংবাজ-এর গানগুলোর লোকেশন চমৎকার, গল্পও বেশ মসলাদার। অহংকার দেখে কেউ কেউ বলেছেন, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছি এখানে। এটি আমার কাছে বড় আশীর্বাদ।

সাক্ষাৎকার: শফিক আল মামুন