>সংগীতশিল্পী সভ্যতার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে। অ্যালবামের নাম থাকত যদি ডানা। আজ এর মোড়ক খোলার অনুষ্ঠান। এ নিয়ে কয়েক দিন ধরে সভ্যতা দারুণ ব্যস্ত। তারই ফাঁকে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
অ্যালবাম প্রকাশের আয়োজনটা নাকি অন্য রকম?
অন্য রকম বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুলে শুক্রবার (আজ) বিকেল চারটা থেকে মোড়ক উন্মোচনের অনুষ্ঠান শুরু হবে। চলবে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি গান গেয়ে শোনাব। আড্ডা দেব। সেখান থেকে অ্যালবামও কেনা যাবে।
আপনার অ্যালবামের প্রচ্ছদে একটা জুতার ছবি দেওয়া। তার আবার পাখা গজিয়েছে!
কনভার্স তারুণ্যের জুতা। বিশেষ করে টিনএজারদের। আমার গানগুলোও সে রকম। তরুণদের খুব ভালো লাগবে। আমি কিছুদিন আগে সময়টা পেরিয়ে এসেছি। অ্যালবামের কাজটা কিন্তু আমি ওই বয়স থেকেই শুরু করেছিলাম।
কত দিন আগে শুরু করেছিলেন?
অ্যালবামের জন্য আমি প্রথম গান লিখি ২০০৭ সালে। তারপর কয়েক বছর বিরতি দিয়ে আবার লিখি। মোটামুটি ১০ বছরের পরিশ্রমের ফসল আমার প্রথম অ্যালবাম থাকত যদি ডানা। এই অ্যালবামে সাতটি গান আছে। ছয়টি আমার লেখা ও সুর করা। একটি গান দিয়ে ত্রি-রত্নকে ‘ট্রিবিউট’ দিয়েছি। তাঁরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও দ্বিজেন্দ্রলাল রায়। এই গানটির কম্পোজ করেছে সন্ধি। আর অ্যালবামটি আমার নিজের টাকায় প্রকাশ করছি। কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে নয়।
কারণ কী?
আমি চাইনি। কারণ, আমি বিশ্বাস করি এই অ্যালবাম আমার, এর মেধাস্বত্ব আমার। আগে দু-তিনটি গান কয়েকটি লেভেলে প্রকাশ পাওয়ার অভিজ্ঞতা আমার ভালো নয়। তবে এটা সত্যি, আরও কিছু টাকা পেলে হয়তো আরও ভালো হতো অ্যালবামটা। আর আমি একা করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শিখেছি। পরের অ্যালবামে এসব দুর্বলতা থাকবে না আশা করছি। এরই মধ্যে আমার অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও করেছি।
শ্রোতারা কীভাবে শুনতে পাবেন গানগুলো?
আজ অ্যালবামটি প্রকাশনা অনুষ্ঠানে সংগ্রহ করা যাবে। আর আমার ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে অর্ডার করলে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে। সব ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাবে গানগুলো।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক