>নতুন প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং ও অভিনয় দিয়ে মাত্র পাঁচ বছরে নিজেকে সবার কাছে পরিচিত করে তুলেছেন তিনি। আজ রাত ১১টা ২০ মিনিটে এনটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক হাউস ফরটি ফোর। এই নাটকে অভিনয় করছেন সাবিলা। কথা হলো তাঁর সঙ্গে।

‘হাউস ফরটি ফোর’ নাটকটি তো শুরু হচ্ছে...
তেমনটাই শুনলাম। এ বছরের এপ্রিলে নাটকটির প্রথম অংশের কাজ করেছিলাম। আগামী নভেম্বরে পরের অংশের কাজ শুরু হবে। এই নাটকে আমার চরিত্রের নাম মোহা। খুবই চঞ্চল মেয়ে। নাটকটিতে অভিনয় করতে গিয়ে আমার প্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের সঙ্গে প্রথম দেখা হয়। এই নাটকে আরও ছিলেন ইরফান সাজ্জাদ। একটা সময় তো আমরা তিন চাটগাঁইয়া মিলে এতটাই আড্ডা জমিয়ে ফেলেছিলাম যে পরিচালকের বকা খেতে হয়েছে।
নিজের নাটক নিজে দেখেন? কেমন লাগে?
আমি এমনিতে নিজের নাটক দেখতে চাই না। কেন যেন নিজের নাটক দেখার পর আজব লাগে। বেশির ভাগ সময় মনে হয়, টেলিভিশনের এই মেয়েটা কি সত্যিই আমি!
পরিবারের অন্য সদস্যরা আপনার নাটক দেখে কী বলেন?
বড় আপু ও ভাইয়া কঠোর সমালোচনা করেন। মা খুব গঠনমূলকভাবে সবকিছু দেখেন। আব্বু চুপচাপ থাকেন। তবে দেখে মনে হয়, আব্বু খুশি হন।
‘প্রথম আলো’র সঙ্গে এক আলাপে বলেছিলেন, আপনার মা চেয়েছিলেন আপনি যেন অভিনেত্রী হন। আপনিও কি তা-ই চেয়েছিলেন?
খুব ছোটবেলায় আমার মা নাচ করতেন। তাঁর ইচ্ছা ছিল নিজেকে টিভি পর্দায় দেখার। শেষ পর্যন্ত তা আর হয়নি। তাই মা চেয়েছিলেন আমি যেন অভিনেত্রী হই। আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। কিন্তু এখন আর সেই সম্ভাবনা নেই। বাস্তবে ডাক্তার হতে না পারলেও মাংকি বিজনেস-এ অল্প সময়ের জন্য ডাক্তার চরিত্রে অভিনয় করতে ভালোই লেগেছে!
এখন আর কোন কোন নাটকের শুটিং করছেন?
সৈয়দ শাকিলের উল্টো স্রোত, হাসান মোরশেদের আদর্শলিপি ও ইমরাউল রাফাতের কলিংবেল-এ কাজ করছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের