নিজের বাড়ি রং করে হাত পাকিয়েছি, পরে অন্যের বাড়ি রং করব
আজ রাত আটটায় চরকিতে আসছে অন্থলজি সিরিজ ঊনলোকিক–এর তৃতীয় পর্ব ‘মিসেস প্রহেলিকা’। শিবব্রত বর্মনের গল্প থেকে সিরিজটি তৈরি করেছেন রবিউল আলম রবি। আজকের পর্বে মূল চরিত্র করেছেন নুসরাত ইমরোজ তিশা।
প্রশ্ন :
‘মিসেস প্রহেলিকা’য় কাজের অভিজ্ঞতা বলুন।
এই পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি। রবি, অনম, শাওকি—ওদের একটা গ্রুপ আছে। ওদের সবার সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। কারণ, তাঁদের গল্পভাবনা, ডিরেক্টরিয়াল পয়েন্ট অব ভিউ অন্য অনেকের চেয়ে ভিন্ন। সব সময় নতুন কিছু বলার চেষ্টা করে, যা শিল্পীর জন্য কাজের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জও। এই সিরিজে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে অনেক বছর ধরে কাজ হচ্ছে—এই কাজ করেও ভালো লেগেছে। পুরান ঢাকার একটি স্টুডিওতে শুটিং করেছিলাম।
প্রশ্ন :
গত ঈদে মনে হয় আপনার নতুন কোনো নাটক প্রচারিত হয়নি?
পায়ের ইনজুরির কারণে কোনো কাজই করিনি। বাসায় বসে শুধু দি বক্স নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছি। আগে দুটি সিজন করেছি। প্রতিটি সিজন দর্শক এবং তারকারাও খুব উপভোগ করছেন—আমি এটা টেরও পাচ্ছি।
প্রশ্ন :
ঈদে কাজ না থাকায় দর্শক আপনাকে যেমন মিস করেছে, আপনিও নিশ্চয়...
আমি তো খুব মিস করেছি, এটা আমার ফেসবুক পেজের মাধ্যমে টের পেয়েছি। ঈদের সময় সাদামাটা ছবি পোস্ট করেছি, মন্তব্যের ঘরে অনেকে বলেছে, ঈদে আপনাকে খুব মিস করেছি। নতুন কোনো কাজ উপহার দিতে পারিনি বলে একদিক দিয়ে খারাপ লেগেছে, আরেক দিক ভাবলে মনে হয়, বিরতিটাও দরকার ছিল। মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়, নিজেও মিস করতেও হয়। মিস না করলে তো পাওয়ার মূল্য বোঝা যায় না।
প্রশ্ন :
ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’–এর আপনি প্রযোজক। প্রযোজনার দিকে মনোযোগী হচ্ছেন মনে হয়?
আমার সব সময় ইচ্ছে বিনোদন অঙ্গনে থাকা। অভিনয় করছি, ডিরেকশন দিচ্ছি নাকি প্রযোজনা করছি—দ্যাট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে, আমি একটা ভালো প্রোডাকশনের সঙ্গে থাকছি। সেটা ক্যামেরার পেছনে হোক বা সামনে হোক। সামনে কোনো বিজনেস করলেও সেটা এন্টারটেইনমেন্ট রিলেটেড কিছুই করব। অভিনয়ের ক্ষেত্রে আমি তো এখন ৮০ ভাগ কাজ কমিয়ে দিচ্ছি, তাই হাতে সময়ও আছে।
প্রশ্ন :
কাজ কমানোর কারণ কী?
তেমন কিছু না। আগে যখন ছোট ছিলাম, দেখা যেত ঈদে ৩০-৪০টি নাটকে কাজ করতাম, সিরিজ করতাম। আরেকটু বড় হলে সিরিজে অভিনয় বন্ধ করে দিলাম, এক ঘণ্টার কাজই শুধু করতাম। এখন মনে হচ্ছে, কাজ যত কম করা যায়, ততই ভালো। বেশি সময় দিয়ে এক্সক্লুসিভ কাজের সঙ্গে থাকতে চাই। অ্যাজ আ প্রোডিউসার কিছু এক্সক্লুসিভ প্রোডাকশনের সঙ্গেও থাকতে চাই।
প্রশ্ন :
ঘরে এত বড় একজন পরিচালক (মোস্তফা সরয়ার ফারুকী) আছেন, পরিচালনার কোনো কৌশল শিখতে পারেননি?
এত বড় ডিরেক্টর ঘরে আছে বলেই আমি ডিরেক্টর হতে পারব বলে মনে হয় না, অবশ্য চাইও না। সত্যি বলতে, বাংলাদেশের ডিরেক্টরদের সাধুবাদ জানাই, স্যালুট জানাই—কারণ, তাঁরা খুব কষ্ট করে কাজ করেন। বাংলাদেশে ভালো ডিরেক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং ধরে রাখা খুব ডিফিকাল্ট। ওদের মাথার ওপর অনেক চাপ থাকে। অনেক কিছু চিন্তা করতে হয়। এ কারণে এত কিছু চিন্তা করে এই ক্রিয়েটিভ কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এই যোগ্যতাও আমার নেই।
প্রশ্ন :
আপনার প্রযোজিত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটির খবর শুনতে চাই...
এই সিনেমার মিউজিক আর সম্পাদনার কাজ শেষ। পুরো ছবিটি তৈরি আছে। অন্যান্য প্রযোজকের মতো আমিও চুপচাপ বসে আছি, দেখি আমার পরিচালক কী করেন।
প্রশ্ন :
বলছিলেন, বাংলাদেশের পরিচালকেরা প্রতিকূলতার মধ্যে কাজ করেন। প্রযোজক হিসেবে নো ল্যান্ডস ম্যান ছবির পরিচালককে কতটা নির্ভার রেখেছিলেন?
আমার পরিচালককে আমি সাধ্যমতো কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে যে প্রোডাকশনই করি, অ্যাজ আ প্রোডিউসার দেখব আমার ডিরেক্টর যেন শুধু ডিরেকশন নিয়েই ভাবেন, তাঁকে প্রোডাকশনের অন্য কোনো বিষয় নিয়ে যেন চিন্তা না করতে হয়।
প্রশ্ন :
এই পরিচালকের সঙ্গে শুটিংয়ের সময়ে কোনো মতপার্থক্য হয়েছে কি?
একদমই হয়নি। প্রযোজক ও পরিচালকের মধ্যে যে পেশাদার সম্পর্ক, সেটাই বজায় ছিল। ডিসিশনে যদি দ্বিমতও হয়, লজিক্যালি সমাধান হয়েছে। সরয়ারের সঙ্গে সংসারজীবনেও টুকিটাকি নিয়ে খুনসুটি লাগলেও ১০-২০ মিনিটে সমাধান হয়ে যেত।
প্রশ্ন :
‘প্রীতিলতা’ ও ‘রক্তজবা’ সিনেমা দুটির কাজের অগ্রগতি কত দূর?
দুটি সিনেমায় আমার অংশের শুটিং শেষ। তবে বিধিনিষেধের কারণে প্রীতিলতায় অন্যদের পাঁচ দিনের শুটিং বাকি। শেষ হলেই ডাব করব।
প্রশ্ন :
কঠোর বিধিনিষেধ চলছে। অভিনয়ের সময়টাও ঘরেই থাকছেন। এই সময়টায় নতুন কী করছেন?
আমি তো এর আগের বিধিনিষেধে পুরো বাড়ি রং করেছি। ধরেন, আমি যদি প্রযোজক না–ও হতে পারি, তারপরও দেয়াল রং করে টাকা ইনকাম করতে পারব।
প্রশ্ন :
তার মানে ধরে নেব, ঘরের দেয়াল রং করে আয় ভালো হয়েছে?
ঘরের দেয়াল রং করে আয় ভালো হয়নি, অভিজ্ঞতা ভালো হয়েছে। আমি তো মনে করি, সরয়ারের সঙ্গে থেকে প্রযোজনা কী তা শিখছি, পরে এটা বাইরে অ্যাপ্লাই করব। লকডাউনে নিজের বাড়ি রং করে হাত পাকিয়েছি, পরে অন্যের বাড়ি রং করব। (হাসি)
প্রশ্ন :
২০০৩ থেকে অভিনয় করছেন। এই লম্বা সময়ে অনেক ধরনের চরিত্র পেয়েছেন। কিন্তু এমন কোনো চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন?
এ রকম কোনো চরিত্র নেই। আমি যখন যে চরিত্র পাই, সেটাই আনন্দ নিয়ে করি। আমার জীবন ও ক্যারিয়ার থেকে বহু বছর হয় প্রত্যাশা করা ছেড়ে দিছি। আমি দেখেছি, প্রত্যাশা করলে পাওয়া না হলে কষ্ট বাড়ে। না পাওয়ার কষ্ট হতাশায় ফেলে। তাই আমি কখনোই প্রত্যাশা করি না। আমি তো জীবনেও জানতাম না বঙ্গবন্ধু সিনেমায় অভিনয় করব। হোয়েন আই গেট ইট, আমি উড়ছিলাম। আমাকে যখন সেলিনা হোসেন ফোন করে বললেন, তুমি প্রীতিলতা চরিত্র করবা—এটাও অপ্রত্যাশিত। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন। বেসিক্যালি আমার বাবা মারা যাওয়ার পর, কারও কাছে কিছু প্রত্যাশা করি না। বাবার কাছে প্রত্যাশা করতে হতো না, তাকালেই সব পাওয়া হয়ে যেত। তাই আমার জীবনের দর্শন হচ্ছে, ডোন্ট এক্সপেক্ট অ্যানিথিং ফ্রম অ্যানিওয়ান, তাহলেই তুমি যা পাবা, তা নিয়ে অনেক খুশি থাকবা।