>

অভিনয়, ছবি আঁকা, পরিচালনা ও বিজ্ঞাপনী সংস্থার কাজ। এত সব ব্যস্ততার ফাঁকেও এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে আফজাল হোসেনের তিনটি বই। একটি কবিতার, একটি গল্পের ও অন্যটি প্রকাশিত অন্যান্য রচনা নিয়ে। এত এত কাজের পরে লেখালেখি করেন কীভাবে, সেসব নিয়েই গতকাল কথা হলো তাঁর সঙ্গে
প্রকাশিতব্য বইগুলোর নাম বলবেন?
কবিতার বই কোনো জোনাকি এ অন্ধকার চেনে না, গল্পগ্রন্থ জাহাঙ্গীর বাদশার ঘোড়া ও প্রকাশিত রচনাগুলোর সংকলন কথায় কথায় রাত।
লেখার সময় বের করলেন কীভাবে?
বিষয়ভিত্তিক বেশির ভাগ লেখা প্রথম আলোয় প্রকাশ হয়েছিল। সময়কে ধরে রাখার জন্য লিখেছিলাম সেসব। এর কিছু লেখা প্রকাশের জন্য পত্রিকায় দিই। আর গল্পগুলো এখনকার না, বিভিন্ন সময়ে লেখা। তবে কবিতা নিয়মিত লিখি। সেগুলো চার-পাঁচ বছর ধরে লেখা।
লেখালেখির ভ্রমণটা সম্পর্কে বলুন।
যেসব ক্ষেত্রে আমি কাজ করি, লেখালেখিটা তারও আগে থেকে করছি। ঢাকা শহরে এসে শুরু করি শিশুসাহিত্য রচনা। এখন যাঁদের সঙ্গে বন্ধুত্ব, শিশুসাহিত্যের মাধ্যমেই তাঁদের সঙ্গে সখ্য। তাঁরা সবাই নিয়মিত লিখেছেন, আমি লিখিনি। বিষয়ভিত্তিক লেখাগুলো তখনই লিখি, যখন কোনো কিছু আমাকে ভাবায়।
আপনার উপন্যাস ‘পারলে না রুমকী’র কথা অনেকে বলেন।
টেলিভিশন নাটকের জন্য লিখেছিলাম সেটা। পরে উপন্যাস আকারে প্রকাশিত হয়েছে। টেলিভিশনের জন্য ১৫টার মতো নাটক লিখেছি। উপন্যাস না লিখলেও আমি নিয়মিত লিখি। সেটাই আমার তৃপ্তির জায়গা। একটা সময় উপন্যাস লেখার তাগিদ ছিল, এখন সেই অর্থে নেই।
আপনাদের অভিনয় পরের প্রজন্মের মনে গেঁথে আছে। এখনকার অভিনেতাদেরটা কি থাকবে?
আমাদের সময়ে প্রত্যেকেরই অভিনয়ের ব্যাপারে একটা আবেগ ছিল। এখন বিষয়টির সঙ্গে বাস্তবতা জড়িয়ে গেছে। এখন প্রত্যেকে পেশাজীবী অভিনেতা। আমাদের সময়ে অল্প নাটক হতো, ভালো নাটক করতে হতো। দর্শকেরাও আগ্রহ নিয়ে দেখতেন। অনেক অভিনয়শিল্পী আছেন, যাঁরা অসম্ভব মেধাবী। তাঁদের অনেক বেশি কাজ করতে হয়। যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো-মন্দ সবই করতে হয়। পরিমাণে বেশি হলে ভালো নাটকের সংখ্যাটা কমে যাওয়াই স্বাভাবিক। এই সময়টারই একটা সমস্যা আছে।
সাক্ষাৎকার: মনজুর কাদের