পঞ্চকবির গান নিয়ে অ্যালবাম করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন পঞ্চভাস্কর-এর বিশেষ আয়োজনে আজ ছায়ানট মিলনায়তনে গান করবেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা এবং প্রবাসী রবীন্দ্রসংগীতশিল্পী ইমতিয়াজ আহমদ। এ ছাড়া এই অনুষ্ঠানে কত্থক নৃত্য পরিবেশন করবেন লাবণী মহন্ত। এ আয়োজন নিয়ে কথা হয় লাইসা আহমদ লিসার সঙ্গে।

লাইসা আহমদ লিসা
লাইসা আহমদ লিসা

বড় ভাইয়ের সঙ্গে একই মঞ্চে গাইতে কেমন লাগবে?
ভাই লন্ডনে থাকেন। দেশে এলেই একসঙ্গে গান করি। খুব ভালো লাগে। তিনি সেখানে রবীন্দ্রসংগীতও শেখান। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পরে সেখানেই সবচেয়ে বেশি বাঙালি থাকেন। তাঁদের ভেতরে রবীন্দ্রনাথের গান ছড়িয়ে দিতে কাজ করছেন তিনি।
নভেম্বর-ডিসেম্বরে অনেক অনুষ্ঠান থাকে। ব্যস্ততা কেমন থাকে এ সময়?
সংগীত উৎসবগুলোতে যোগ দিই। সবার সঙ্গে একত্রে গান শুনি। কিছু কিছু অনুষ্ঠানে গাইতেও হয়। এ ছাড়া রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এবং ছায়ানটের উৎসবগুলো নিয়ে ব্যস্ততা থাকে।
সামনে নতুন কোনো অ্যালবাম আসছে?
পঞ্চকবির গান নিয়ে একটি অ্যালবাম করার পরিকল্পনা আছে। সময়–সুযোগ মিললেই কাজ শুরু করে দেব।
আপনার রবীন্দ্রসংগীতের শিক্ষার্থীরা কেমন করছে?
আমি ওদের নিয়ে খুবই আশাবাদী। সারা দেশে নতুন প্রজন্মের যারা রবীন্দ্রসংগীত শিখছে, গাইছে; তারা সামনে ভালো করবে। ওদের আগ্রহ আমাকে উদ্বেলিত করে।
নতুন যন্ত্রানুষঙ্গে রবীন্দ্রসংগীত বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। এগুলো আপনার কেমন লাগে?
নতুন যন্ত্রানুষঙ্গ করা যেতে পারে। তবে রবীন্দ্রসংগীতের বাণী ও সুর অবিকৃত রাখা জরুরি। যিনি রবীন্দ্রসংগীতটা ভালো জানেন, তেমন সংগীতায়োজক যদি কাজগুলো করেন, তা হলে আশা করি ভালোই হওয়ার কথা।
কী কী গান শোনাবেন আজ?
যেহেতু বিজয়ের মাস, সে জন্য রবীন্দ্রনাথের স্বদেশ, পূজা, প্রেম ও বিচিত্র পর্যায়ের গানগুলোই গাইব।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ