পদ্মা নদী দেখে মন ভরে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওম
ওম

ঈদের ছবি অগ্নি-২। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন ওম। এর প্রচারের জন্য গতকাল সকালে ঢাকায় এসেছেন টালিউডের এই নতুন নায়ক। শহরে এসেই তিনি কথা বললেন তাঁর ঈদের ছবিটি নিয়ে—
বাংলাদেশে প্রথম এলেন?
হ্যাঁ। তবে এসে প্রথম মনে হচ্ছে না। মনে হয় যেন অনেক দিনের চেনাজানা। এ দেশে আমার অনেক বন্ধু আছে। জানেন, আসার পথে প্লেন থেকে পদ্মা নদী দেখে মন ভরে গেছে।
‘অগ্নি-২’ ছবিতে কাজের অভিজ্ঞতা বলবেন?
যেহেতু চলচ্চিত্রে আমার যাত্রা বেশি দিনের নয়, তাই এ ধরনের বড় বাজেটের এবং বড় পরিসরের কাজ আমার জন্য একটি ভালো সুযোগ। এ ধরনের কাজ করলে নিজের পরিচিতিও বাড়ে। পাশাপাশি ভবিষ্যতে ভালো কাজের সুযোগও হয়।
মাহির বিপরীতে অভিনয় করতে কেমন লেগেছে?
আমি আগেই শুনেছিলাম মাহি এ দেশের জনপ্রিয় নায়িকা। কাজ করতে গিয়ে এর প্রমাণও পেয়েছি। আমার কাছে মনে হয়েছে, মাহির অভিনয়গুণ ঈশ্বর প্রদত্ত। শট দেওয়ার আগে সারাক্ষণই সে হেডফোন দিয়ে গান শুনছে, হইহুল্লোড় করছে। কোনো টেনশন নেই। কিন্তু শট দেওয়ার সময় এক টেকেই শট ‘ওকে’ হয়ে যাচ্ছে। আমি তার অভিনয় দেখে অবাক হয়েছি।
ছবিটি কি পশ্চিমবঙ্গেও একই দিনে মুক্তি পাচ্ছে?
না। কলকাতায় মুক্তি পাবে আগস্ট মাসে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, অস্ট্রেলিয়াসহ আটটি দেশে ছবিটি প্রদর্শনের কথা আছে।