পরিচালকনির্ভর শিল্পী আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা l ছবি: প্রথম আলো
তিশা l ছবি: প্রথম আলো

বিশেষ দিনগুলোতে টিভি পর্দায় সরব থাকে একটি মুখ, যাকে ইদানীং আর ধারাবাহিকগুলোয় দেখা যায় না। তিনি হলেন তিশা। এবারের রবীন্দ্রজয়ন্তীতে এ অভিনেত্রীকে দেখা যাবে দুটি নাটকে—রবিবার ও ছায়াবৃত্তে শেষের কবিতা। এর পাশাপাশি এখন তিনি জড়িয়ে গেছেন ঈদের নাটকের ব্যস্ততায়। বিশেষ আয়োজনের নিয়মিত ব্যস্ততা নিয়েই কথা বললেন এ অভিনেত্রী
২৫ বৈশাখে কটি নাটকে আপনাকে দেখা যাবে?
দুটি নাটকেই অভিনয় করেছি। এর বেশি আর সুযোগ কই?
কেন? হাতে কি আরও অনেক কাজ?
বলা যায়। মেন্টাল ছবির ডাবিং চলছে। সেই সঙ্গে ঈদের নাটকের কাজ তো এরই মধ্যে শুরু হয়ে গেছে। তাই রবীন্দ্রজয়ন্তীর জন্য দুটির বেশি নাটকে অভিনয় করতে পারিনি। তবে যে দুটিতে কাজ করেছি, সেগুলোর স্ক্রিপ্ট সত্যিই দারুণ আকর্ষণীয়।
রবীন্দ্রসাহিত্যের সঙ্গে সম্পর্ক কেমন আপনার?
যত জানার চেষ্টা করি, আমার জানার আগ্রহ ততই বাড়ে। তাই রবীন্দ্রসাহিত্যের সঙ্গে আমার সম্পর্ক থাকলেও আমি বলব তা পর্যাপ্ত নয়।
তাহলে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে কাজ করতে গিয়ে সংকোচবোধ হয়েছে নিশ্চয়ই?
অভিনয়ের ব্যাপারে আমি বলব, সাহিত্যকেন্দ্রিক কাজ করা বরাবরই চ্যালেঞ্জিং। বিষয়টি আমি উপভোগ করি। আর এবারের কাজটি আরও উপভোগ্য হয়েছে, কারণ হলো আমার দুই পরিচালক। আসলে ‘ডিরেক্টর ডিপেন্ডেন্ট’ (পরিচালকনির্ভর) শিল্পী আমি। এবার পরিচালকেরা আমাকে দারুণ সহযোগিতা করেছেন। তাই আমি কাজ দুটি করে অনেক সন্তুষ্ট।
সব তো খণ্ডনাটকের কথা বললেন। আর ধারাবাহিক?
এক বছর হয়ে গেল কোনো ধারাবাহিকের কাজ নিচ্ছি না। সামনেও কোনো ধারাবাহিকে চুক্তিবদ্ধ হচ্ছি না।
ধারাবাহিকে অনীহা কেন?
অনীহা নয়। আসলে তাগিদ পাচ্ছি না। তাই আপাতত ধারাবাহিকে কাজ করতে চাই না। তবে সামনে হয়তো কোনো কিছু ভালো মনে হলে করতেও পারি। আসল কথা হচ্ছে, অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আমি। ধারাবাহিকের কাজ বড্ড ছকে বাঁধা। কাজের প্রতি ভালো লাগা তৈরি না হলে কি অভিনয় করা যায়? তাই দেখি, যদি ধারাবাহিকে কাজের সেই ভালোবাসা ফিরে পাই, তাহলে একটা সময় কাজ করব।

সাক্ষাৎকার: আদর রহমান