পরিচালক-প্রযোজক আমার প্রতি অন্যায় করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১৬ ডিসেম্বর অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই ছবিটি মুক্তি পাচ্ছে। সম্প্রতি ডাবিং-চুক্তি ভঙ্গের অভিযোগে এ ছবির নায়ক বাপ্পী চৌধুরী ছবির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেন। এরপরই ছবিটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই রায়ের বিপরীতে ছবিটির প্রযোজক জেলা জজ আদালতে গেলে রায় স্থগিত করে জানুয়ারি মাসের শেষের দিকে শুনানির দিন ধার্য করেন। নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় এখন আমি তোমার হতে চাই মুক্তির জোর প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এমনকি যে অভিনেতা ছবিটির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছিলেন, তিনিই এখন ছবির প্রচারে ব্যস্ত। তাই এবার কথা হলো সেই অভিনেতা বাপ্পীর সঙ্গে—
বাপ্পী চৌধুরী
বাপ্পী চৌধুরী

‘আমি তোমার হতে চাই’ ছবিটি নিয়ে যে জটিলতা ছিল, তা কি নিজেরাই সমাধান করে নিয়েছেন?
নতুন করে আর ঝামেলা করতে চাইছি না। সবকিছু মেনে নিয়েছি। এখন শুধু চাই ছবিটি মুক্তি পাক। তবে আমি বলব, পরিচালক, প্রযোজক আমার প্রতি অন্যায় করেছেন।
এরপরও তো পরিচালক, প্রযোজকের সঙ্গেই ছবির প্রচারে মাঠে নেমেছেন...
হ্যাঁ, গত বুধবার থেকে আমি এ ছবির প্রচার করছি। ফেসবুকে লাইভ করার মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়েছে। গতকাল এ ছবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলাম। প্রযোজক, পরিচালক দুজনই খুব করে অনুরোধ করায় তা আর ফেলতে পারলাম না। তা ছাড়া ছবির নায়ক আমি। নিজের অভিনীত প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। তাই সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করছি।
এ ছবি কেন দেখবেন দর্শক?
ছবির গল্পে নতুনত্ব আছে। বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগোচ্ছি। প্রযুক্তি নিয়ে ব্যাপক উন্মাদনা কাজ করছে তরুণদের মধ্যে। গল্পে এসব প্রযুক্তির উৎকর্ষের ইতিবাচক বিষয়গুলো তুলে আনা হয়েছে। আশা করছি, ছবিটি দেখতে তরুণদের ভিড় বেশি দেখা যাবে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন