
আগামী ৭ আগস্ট মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদ অভিনীত চলচ্চিত্র ব্ল্যাকমানি। এ ছবির মধ্য দিয়ে বাণিজ্যিক ধারার ছবিতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। সেই অভিষেক এবং তাঁর এ সময়ের ব্যস্ততা নিয়ে কথা হলো মৌসুমীর সঙ্গে।
বাণিজ্যিক ধারার ছবির নায়িকা মৌসুমী হামিদ—নিশ্চয় অনুভূতিটা অন্য রকম!
একদম ঠিক। এ নিয়ে আমি খুব নার্ভাস এখন। এত দিনে আসলে বুঝতে পারছি, নায়ক-নায়িকারা কেন এতটা উত্তেজনা নিয়ে সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করেন! কেন তাঁরা দর্শকদের সঙ্গে সিনেমা হলে বসে সিনেমা দেখেন! কিংবা একটা সিনেমা নিয়ে কতটা স্বপ্ন বোনেন!
‘ব্ল্যাকমানি’তে আপনার চরিত্রটা কেমন?
আমার বড় ভাই মিশা সওদাগর। তিনি নেতা। আমি দেশের বাইরে পড়াশোনা করে এসে একটা গবেষণার কাজে হাত দিই। কিন্তু বড় ভাই কোনোভাবেই আমাকে বাড়ির বাইরে যেতে দেবেন না। তাঁর নিষেধ অমান্য করে বাড়ির বাইরে যাই। বাইরে আমাকে গবেষণার কাজে সহযোগিতা করেন সায়মন। এভাবেই তাঁর সঙ্গে প্রেম। বাকিটা হলে গিয়ে দেখতে হবে...।
আপনার অন্য ছবিগুলোর খবর কী?
৭ আগস্ট ব্ল্যাকমানির পরের সপ্তাহেই ব্ল্যাকমেইল মুক্তির কথা রয়েছে। এ ছাড়া শোধ প্রতিশোধ, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২-এর শুটিং চলছে। আর শেষ প্রহর-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে।
আপনাকে তো নাটকেও নিয়মিত দেখা যায়। কোন মাধ্যমে থিতু হওয়ার ইচ্ছা?
অভিনয়ে সর্বশেষ গন্তব্য চলচ্চিত্র। তাই আমার ইচ্ছা বড় পর্দায় জায়গা করে নেওয়া। এখন তো চলচ্চিত্রে অনেক ইতিবাচক পরিবর্তন হচ্ছে। আশা করছি, সামনে আরও পরিবর্তন হবে। আমি এই পরিবর্তনেরই অংশীদার হতে চাই।
আপনাকে নিয়মিত ক্রিকেট মাঠে দেখা যায়। কতটা ক্রিকেটপাগল আপনি?
আমি ক্রিকেটের দারুণ ভক্ত। বিশেষ করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা আর এখন তো আমাদের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুরের খেলা বেশ উপভোগ করি। তাঁদের খেলা থাকলে আর আমার সুযোগ হলে মাঠে গিয়ে হাজির হই। মাঠে খেলা দেখার আলাদা একটা মজা আছে।