পরিবারে আনন্দের বন্যা বইছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দিন-তারিখ বদল হলো কয়েকবার। অবশেষে জানা গেল, আসছে ন্যান্সির নতুন একক গানের অ্যালবাম ভালোবাসো বলেই। আপাতত ‘জিপি মিউজিক’-এ গানগুলো শোনা যাবে। পয়লা বৈশাখে সিডি আকারে বেরোবে গানগুলো। আর গতকাল মঙ্গলবার ন্যান্সি জানালেন, আবারও মা হচ্ছেন তিনি। এসব বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
ন্যান্সি
ন্যান্সি

কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন?
চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে জুন মাসেই। জীবনের অন্য রকম একটা সময় পার করছি। পরিবারে আনন্দের বন্যা বইছে।
কোনো কাজের সঙ্গে আছেন?
প্রতিদিনই কাজের ব্যস্ততা বাড়ছে। চলচ্চিত্রের গানসহ বিভিন্ন মিশ্র অ্যালবামের গানেও কণ্ঠ দিচ্ছি। আর স্টেজ শো তো আছেই। এক যুগের সংগীতজীবনে এই মৌসুমেই সবচেয়ে বেশি স্টেজ শো করেছি। আমার জন্য এটা রেকর্ডও বলতে পারেন। ভালোবাসো বলেই অ্যালবামের পর নতুন পাঁচটি গানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইমরানের সুর ও সংগীতে পূর্ণাঙ্গ এই অ্যালবামের সব কটিই দ্বৈত কণ্ঠের গান। এতে আমিই একমাত্র নারী শিল্পী—গাইব কুমার বিশ্বজিৎ, বালাম, তাহসান, শফিক তুহিন ও ইমরানের সঙ্গে।
‘ভালোবাসো বলেই’-এর গানগুলো কেমন হয়েছে?
এ অ্যালবামের তিন-চারটি গান শ্রোতাদের মুখে মুখে থাকবে, আমি নিশ্চিত। নিজের অ্যালবাম বলে এ কথা বলছি না। শ্রোতা হিসেবেও গানগুলো আমার বেশ মনে ধরেছে। নতুন কয়েকটি গানের ভিডিও তৈরি হয়েছে।
স্বাধীনতা দিবসে কোনো পরিকল্পনা আছে?
২৬ মার্চ রাতে বাংলাভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে গাইব। বেশির ভাগই দেশাত্মবোধক গান। তবে শ্রোতাদের পছন্দের বেশ কিছু গানও থাকবে।
সাক্ষাৎকার: মনজুর কাদের