পরে জেনেছি এটি হৃদয়ের গান: সুজানা

এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সুজানা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোযোগী হচ্ছেন। চলচ্চিত্রে কাজের অনেক প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিচ্ছেন। ১ আগস্ট সংগীতশিল্পী হূদয় খানের সঙ্গে বিয়ের পর্ব সেরেছেন সুজানা। বর্তমান কাজ এবং ব্যক্তিগত আরও নানা বিষয় নিয়ে সুজানা কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
এই মুহূর্তে...
চট্টগ্রামে আছি। হূদয়ের একটি শো ছিল। হূদয়ের শো এবং আমরা সপরিবারে একসঙ্গে বেড়ানোর জন্য চট্টগ্রামে এসেছি। আমার একটু ঠান্ডা লেগেছে। তার পরও সময় অনেক ভালো কাটছে।
বিয়ের পর...
আসলে সংসার জীবনটা এখনো আমরা অনুভব করতে পারিনি। বিয়ের পর থেকেই অনেক কাজে ব্যস্ত আমরা দুজনই। চট্টগ্রামে ঘুরতে এলেও আমরা মূলত বিশ্রাম নিচ্ছি।
হূদয়ের কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ?
‘অবুঝ ভালোবাসা’ গানটি আমার বেশি ভালো লাগে। তবে মজার ব্যাপার হলো গানটি যখন আমি প্রথম শুনি, তখন আমি হূদয়কে চিনতাম না। পরে জেনেছি এটি হূদয়ের গান।
আপনি কি গান গাইতে পারেন?
গান শুনতে আমি অনেক পছন্দ করি। গান বোঝার ক্ষমতাও আছে আমার। কিন্তু আমি কখনোই গান গাইতে পারব না।
মিশন ইনানী রয়েল রিসোর্ট...
শামীম শাহেদের পরিচালনায় কোরবানির ঈদের জন্য নাটকটি করেছি। এখানে আমার সহশিল্পী সজল।
শামীম ভাইয়ের পরিচালনায় এটাই আমার প্রথম কাজ। কাজটি করে অনেক ভালো লেগেছে।
নাটকে কম অভিনয়ের কারণ...
আমার প্রথম পরিচয় আমি একজন মডেল। আমি আসলে নাটক করার অনেক প্রস্তাব পাই। কিন্তু আমি মনে করি, অভিনয়ে অনেক কিছু শেখার আছে, যা আমি এখনো রপ্ত করতে পারিনি। আমি মনে-প্রাণে শুধুই মডেলিংটাকেই ধারণ করেছি। তবে এখন মডেলিঙে পাশাপাশি অভিনয়ের প্রতিও মনোযোগী হচ্ছি।
প্রিয় মডেল ও অভিনেত্রী...
জয়া আহসান। নতুনদের মধ্যে রাখির কাজ আমার ভালো লেগেছে।
চলচ্চিত্রের প্রস্তাব নাকি ফিরিয়ে দিচ্ছেন। কেন?
হ্যাঁ। আমি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আগেও পেয়েছি। এখন আরও বেশি পাচ্ছি। আমি যে ধরনের গল্পে কাজ করতে চাই, সেই ধরনের গল্প এখনো পাইনি। আপাতত চলচ্চিত্রে অভিনয় করার জন্য বিন্দুমাত্র আগ্রহও আমার নেই।
কী ধরনের গল্প আপনার পছন্দ?
‘হঠাত্ বৃষ্টি’ ছবিটি অনেক ভালো লেগেছিল। ছবিটি দেখে মনে হয়েছিল, ইস! আমি যদি
একবার হলেও এমন একটি ছবির নায়িকা হতে পারতাম! এ ধরনের ছবিতে কাজের প্রস্তাব পেলে আমি ভেবে দেখব।