পাকিস্তানের ক্যাম্পে বন্দী ছিলাম আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তৌকীর আহমেদ l প্রথম আলো
তৌকীর আহমেদ l প্রথম আলো
স্থাপত্যবিদ্যায় উচ্চশিক্ষা নিলেও বাংলাদেশের মানুষের কাছে অভিনয়শিল্পী হিসেবে বেশি পরিচিত তৌকীর আহমেদ। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক আর সিনেমা পরিচালনাও করছেন। ফাঁকে ফাঁকে লেখালেখি করেন। আজ রাতে আরটিভিতে প্রচারিত হবে এই অভিনেতার খণ্ডনাটক পুনশ্চ জয়িতা। গতকাল শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

কাল (আজ) স্বাধীনতা দিবস। দিনটির জন্য শুভেচ্ছা...

আমার পক্ষ থেকেও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের সময় আমরা ছোট ছিলাম। আমার বাবা লে. কর্নেল কফিল উদ্দিন আহমেদ তখন পাকিস্তান আর্মিতে চাকরি করতেন। পেশায় চিকিৎসক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিভিন্ন ক্যাম্পে বন্দী ছিলাম আমরা। এটা আমাদের মানসিক জীবনে গভীর ছাপ ফেলেছে। আমার শৈশবের অভিজ্ঞতার মধ্যে ভীতি আছে, বিভীষিকা আছে।

তখনকার কোনো স্মৃতি মনে আছে?

সে সময় অনেক কিছুই বুঝিনি। আমার যতটা মনে পড়ে, বন্দী থাকা অবস্থায় প্রতিটি মুহূর্ত অমানবিক অবস্থার মধ্য দিয়ে পার করতে হয়েছে। আমরা পাঁচ-ভাইবোন, বাবা-মা, এক মামাও ছিলেন। বাবার অপমান, পারিবারিক অসচ্ছলতা দেখেছি। পরে সেসব অভিজ্ঞতাই আমাকে জয়যাত্রা বানাতে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি, জয়যাত্রা আমার মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের যে ত্যাগ, তা আমি তুলে ধরার চেষ্টা করেছি। জয়যাত্রা এ দেশের সাধারণ মানুষের বীরত্বগাথা।

ভবিষ্যতে মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো ছবি করার পরিকল্পনা আছে?

আমাদের সীমাবদ্ধতা এত বেশি যে সাহস পাই না। মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে গেলে যে পরিমাণ অর্থ ও সহযোগিতার দরকার পড়ে, তা কেউ দিতে চায় না। আমাদের দেশে অনেকেরই টাকা আছে কিন্তু! ভাষা আন্দোলনের ওপর একটি সিনেমার পরিকল্পনা করেছি। সেটার জন্য সরকারি অনুদান চেয়েছিলাম। কিন্তু সামান্য অনুদানের টাকাও পেলাম না। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি করা ব্যয়সাপেক্ষ। জয়যাত্রা নিজের টাকা দিয়ে করেছি, এখনো সেটা ফেরত আসেনি। পরে এই সিনেমার স্বত্ব আমার কাছে রাখা সম্ভব হয়নি। ব্যক্তিমানুষের সীমাবদ্ধতা থাকে। টাকা ছাড়া ভালো কাজ করা খুব কঠিন। যখন স্বল্প বাজেটে কাজ করতে হয়, তখন গল্প সেভাবে বাছাই করতে হয়। কী করে স্বল্প বাজেটে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা বলতে হয়, তার একটি নিরীক্ষা ছিল আমার অজ্ঞাতনামা ছবিটি।

আপনার অভিনীত ‘পুনশ্চ জয়িতা’ নাটকটি নিয়ে কিছু বলুন।

কিছুদিন আগে নাটকটির কাজ করেছিলাম। বহুদিন পর এই নাটকটি করা। নাটকের পরিচালক শ্রাবণী ও শুভ্র দুজনেই আমার দলের। মুক্তিযুদ্ধ যুগে যুগে বিভিন্ন প্রজন্ম বিভিন্নভাবে দেখবে। এই নাটকে যুদ্ধশিশুর ব্যাপারটা প্রাধান্য পেয়েছে। খুবই প্রাসঙ্গিক বিষয় এটি। স্বাধীনতার এত বছর পরও আমরা দেখি যে বিভিন্ন দেশ থেকে তারা আসছে। এখানে আমার চরিত্রটি নায়িকার প্রেমিকের।

আপনার নতুন ছবি ‘হালদা’র কী খবর? কোন পর্যায়ে আছে ছবিটি?

শুটিং, এডিটিং সব শেষ। সাউন্ড আর মিউজিকের কাজও অনেক দূর এগিয়েছে। হালদার পোস্ট প্রোডাকশনের শেষের দিকে চলে এসেছি। কাল (আজ) ভারত যাচ্ছি কালার কারেকশনের কাজ করতে। 

সাক্ষাৎকার: মনজুর কাদের