'শর্তের বিনিময়ে সিনেমায় না'

মালয়েশিয়ার জোহর বাহরুরতে আজ থেকে বসছে ‘জোহর বাহরু ফিল্ম ফেস্টিভ্যাল’। ১৪টি দেশের চলচ্চিত্র দেখানো হবে এ উত্সবে। এটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। উত্সবে আজ সকালে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘আকাশ কত দূরে’। সামিয়া জামান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। বর্তমানে এ অভিনেত্রী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। প্রায় এক বছর ধরে অভিনয় থেকে দূরে তিনি। আজ নিজের ছবির আন্তর্জাতিক প্রদর্শনী দেখতে যাবেন তিনি। মালয়েশিয়া থেকে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।
যে দেশে পড়ালেখা করছেন, সেখানে নিজের অভিনীত ছবির আন্তর্জাতিক প্রদর্শনী দেখবেন! কেমন লাগছে?
খুব খুশি লাগছে। মালয়েশিয়ায় আমার সহপাঠী-বন্ধুরাও বিষয়টি জেনে খুবই রোমাঞ্চিত যে এই দেশের একটি গুরুত্বপূর্ণ উৎসবে অংশ নিচ্ছে আমার ছবি। তারাও ছবিটি দেখার জন্য উত্সবে যোগ দিতে চেয়েছিল। কিন্তু ভেন্যুটি আমার বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে হওয়ায় তারা আসতে পারেনি।
আপনি উৎসবে যোগ দিচ্ছেন?
উত্সব থেকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে আমাকে। এক দিন আগেই ভেন্যুতে চলে এসেছি। ১৪টি দেশের ছবি প্রদর্শিত হবে এই উত্সবে। নানা দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীরা এসেছেন। সবকিছু দেখে মনে হচ্ছে চলচ্চিত্রে আরও কিছু কাজ করা দরকার।
তাহলে কি আপনাকে আবার চলচ্চিত্রে দেখা যাবে?
হ্যাঁ, ‘আকাশ কত দূরে’ ছবিতে কাজের আগেই অনেক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেগুলোর বেশির ভাগই ছিল পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি। সে জন্য করিনি। কলকাতার রাজ চক্রবর্তীর ছবিতেও কাজের প্রস্তাব ছিল। ভাবছি, ভালো গল্প পেলে আবারও অভিনয় করব। তবে আমার সঙ্গে যায়, এমন ছবিতেই কাজ করতে চাই আমি। কোনো শর্তের বিনিময়ে সিনেমায় অভিনয় করতে চাই না।
কিন্তু এর আগে যে বলেছিলেন আর অভিনয় করবেন না...
আমি শুধু নাটকে অভিনয় করব না বলে জানিয়েছিলাম। কারণ, নাটকে কাজ করতে গিয়ে পারিশ্রমিক নিয়ে প্রতারণার স্বীকার হয়েছি। এ কারণেই ওই সিদ্ধান্ত নিই। এখনো বলছি, মিডিয়ার অন্য শাখাগুলোতে কাজ করলেও নাটকে অভিনয় করব না। এ মাসের শেষের দিকে দেশে ফিরব। ফিরেই একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করব।
পড়ালেখা শেষ করে কী করতে চান?
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে দুই বছরের কোর্স করছি। শেষ করতে আরও এক বছর লাগবে। ইচ্ছা আছে, কোর্স শেষ করে কোনো স্যাটেলাইট চ্যানেল বা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে যোগ দেব। তবে মিডিয়ার সঙ্গে থেকেই কাজ করতে চাই।