পুরস্কারের খাতাটা একটু দেরিতে খুলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অবসকিওর ব্যান্ডের সদস্যদের সঙ্গে সাইদ হাসান টিপু (মাঝে)
অবসকিওর ব্যান্ডের সদস্যদের সঙ্গে সাইদ হাসান টিপু (মাঝে)

৩০ বছর ধরে গানের দল অবসকিওরের পদচারণ। মাঝে অনেকটা সময় শ্রোতারা এ দলের কাছ থেকে পায়নি নতুন কোনো গান। তবে এখন আবার চাঙা হয়ে উঠেছে দলটি। এবারের ঈদে আসছে তাদের নতুন অ্যালবাম ক্র্যাক প্লাটুন। এটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। নতুন অ্যালবাম নিয়ে কথা হলো অবসকিওরের অন্যতম সদস্য লিড ভোকালিস্ট সাইদ হাসান টিপুর সঙ্গে

নতুন অ্যালবামের কাজ কত দূর হলো?
গান রেকর্ডিংয়ের কাজ শেষ। এখন পুরোদমে মিক্স-মাস্টারিংয়ের কাজ চলছে। আমরা খুবই খুশি এই ভেবে যে, শ্রোতাদের দারুণ একটা অ্যালবাম উপহার দিতে যাচ্ছি।
অ্যালবামের নাম ‘ক্র্যাক প্লাটুন’ কেন রাখলেন?
আমরা যখন ‘আজাদ’ গানটি করলাম, মানুষ তখন আজাদকে আবার নতুন করে জানল। এর আগে অবশ্য আনিসুল হক তাঁর মা বইয়ে আজাদকে নিয়ে লিখেছিলেন। তারপরই আমরা ভাবলাম, ক্র্যাক প্লাটুন-এর বাকিদের কথা তো বলা হয়নি। এ জন্যই অন্যদের নিয়ে এবার ‘ক্র্যাক প্লাটুন’ শিরোনামে একটি গান করলাম। অ্যালবামের নামটাও সেভাবেই রাখা। আমাদের ১১তম এই অ্যালবাম উৎসর্গও করেছি ক্র্যাক প্লাটুনের সদস্যদের।
এই অ্যালবামে নাকি মায়েদের জন্যও একটি গান থাকছে?
হ্যাঁ। এবারই প্রথম মাকে নিয়ে কোনো গান গাইলাম। ‘মা’ গানটা সত্যি খুব ভালো হয়েছে। আমি এর আগে এ ধরনের কোনো গান করিনি। এটা আমার কাছে খুব আবেগপ্রবণ একটা বিষয়। এবার আমার বন্ধু গীতিকবি অমিত গোস্বামী এ গানটি করার জন্য একরকম চাপও দিয়েছে। এটা আমাদের নতুন অ্যালবামের শেষ গান হিসেবে যাবে।
সম্প্রতি আপনারা সিম্ফনি-চ্যানেল আই সংগীত পুরস্কারে সেরা ব্যান্ড নির্বাচিত হয়েছেন, এর অনুভূতি জানতে চাই।
৩০ বছর ধরে আমরা বাংলা গানের জন্য কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ পথচলায় দেশ-বিদেশের দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছি সীমাহীন। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের পুরস্কার অর্জনের খাতাটা একটু দেরিতে খুলল। এবারের এই পুরস্কার আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে।
সাক্ষাৎকার: মনজুর কাদের