পুরো টিমটির মধ্যে সততা পরিশ্রম ও আন্তরিকতা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আগামী ১ অক্টোবর থেকে টিভি চ্যানেল স্টার প্লাস-এ হিন্দি ভাষায় প্রচারিত হবে হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক আজ রবিবার। প্রতি শুক্র ও শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টুডে ইজ সানডে নামে প্রচারিত হবে এটি। ভারত বাদে এশিয়ার বেশ কয়েকটি জোনে নাটকটি দেখানো হবে। ধারাবাহিকটিতে অভিনয় করেছিলেন অভিনেতা জাহিদ হাসান। সেই সময়ের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

‘আজ রবিবার’ ধারাবাহিকটি একটি ভিনদেশি টিভি চ্যানেলে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। খবরটি শুনেছেন নিশ্চয়ই?
আপনার কাছেই শুনলাম। প্রচারের খবর শুনে ভালো লাগছে। আমি প্রথমত মিস করব হ‌ুমায়ূন ভাইকে (হ‌ুমায়ূন আহমেদ)। তাঁর ক্রিয়েশনে আমরা সবাই কাজ করেছি। যখন আজ রবিবার-এ অভিনয় করি, তখনো আমরা চিন্তা করিনি ধারাবাহিকটি স্টার প্লাসে চলবে। যখন নাটকটি প্রচারিত হয়, তখন এসব টিভি চ্যানেলের এত দৌরাত্ম্য ছিল না। এই সময়ে এসে তারা আমাদের নাটক দেখাবে, এটা শুনে অন্য সবার মতো আমিও গর্বিত।

আজ রবিবার নাটকে জাহিদ হাসান
আজ রবিবার নাটকে জাহিদ হাসান
জাহিদ হাসান
জাহিদ হাসান

‘আজ রবিবার’ ধারাবাহিকে আপনার চরিত্রটি আজও মানুষ মনে রেখেছে। ওই ধরনের চরিত্র তৈরির পেছনে কার ভূমিকা বেশি থাকে?
একটি নাটক বা চলচ্চিত্র নির্মাণের পেছনে থাকে একটি টিমওয়ার্ক। আনোয়ার হোসেন বুলু ভাই ছিলেন ক্যামেরার পেছনে। নূর ভাই (আসাদুজ্জামান নূর), আলী যাকের, সুবর্ণা আপার (সুবর্ণা মুস্তাফা) মতো অভিনয়শিল্পীসহ বড় বড় অভিনেতা ছিলেন দলে। আর ছিলেন হ‌ুমায়ূন ভাই। পুরো টিমটির মধ্যে সততা, পরিশ্রম ও আন্তরিকতা ছিল। এ কারণেই একটি দুর্দান্ত কাজ হয়েছে।
ওই ধরনের চরিত্র কি মিস করেন?
অবশ্যই মিস করি। কিন্তু এখন হয়তো সম্ভব না। আর ওই রকম তো হয়ও না। তবু আমি সৌভাগ্যবান, আমাকে অনেকগুলো নামে ডাকে সবাই। মফিজ পাগলা, তিতলি ভাইয়া, কঙ্গা ভাইয়া, রাতুল, আরমান ভাই নামগুলো তো নাটকের মাধ্যমেই পাওয়া।
‘আজ রবিবার’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে কোনো মজার ঘটনা?
অনেক মজার ঘটনা আছে, কয়টা বলব? শুটিংয়ের সময় একদিন হ‌ুমায়ূন ভাই ডাকলেন। কাছে আসতেই বললেন, ‘জাহিদ, আসো তো, একটা পছন্দ করে নাও।’ আমি ভাবলাম, হয়তো পাঞ্জাবি বা অন্য কিছু এনেছেন। আমি খুব আগ্রহ নিয়ে রুমে গেলাম। দেখি অনেক সাপ। হ‌ুমায়ূন ভাই আমাকে বললেন, ‘এখান থেকে একটা বেছে নাও। তোমার বুকের ওপর দিয়ে যে সাপটা যাবে, সেটা।’ সত্যি সত্যি শুটিংয়ে আমার বুকের ওপর দিয়ে সাপ গিয়েছিল।
নতুন কী কাজ করছেন?
তৌকীর আহমেদের হালদা ছবিতে শুটিংয়ের জন্য যাব ৩০ তারিখ। অক্টোবরের ৩ তারিখে ঢাকায় ফিরব। ৪ তারিখে আমার জন্মদিন। সেটা উদ্‌যাপন করব।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক