পুরো মাঠই থাকবে সিসি ক্যামেরার আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২৭ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে জমবে সুর-লহরির আসর। এ দিন থেকে শুরু হচ্ছে ‘স্কয়ার নিবেদিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। পাঁচ দিনের আয়োজনটি শেষ হবে ১ ডিসেম্বর। উৎসবের নানা দিক নিয়ে কথা বলেছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী
লুভা নাহিদ চৌধুরী
লুভা নাহিদ চৌধুরী

এবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ আসর। এই তিন বছরে আপনাদের অর্জনগুলো কী?
উচ্চাঙ্গসংগীত যে সাধারণ মানুষেরা খুব উৎসাহ নিয়ে শুনতে পারেন, শুনে আনন্দিত হন—বিগত উৎসবগুলোতে আমরা সেটি দেখেছি। আমার মনে হয়, এটা বেশ বড় অর্জন। আর আমাদের কার্যক্রম তো কেবল উৎসব করার মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও একটু বড় পরিসরে কাজ করতে চাই আমরা। সে লক্ষ্যে শুরু হয়েছে ‘পরম্পরা’ নামে সংগীত বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন এবারের উৎসবে তবলাসহ নানান পরিবেশনায় অংশ নেবেন। এটাও তো একটা অর্জন, তাই না?
এবারের উৎসবের বিশেষত্ব কী?
প্রতিবছরই আমরা চেষ্টা করি নানা রকম মার্গীয় সংগীতের মূর্ছনায় শ্রোতাদের আবিষ্ট করতে। এবার ‘সরস্বতী বিনা’ নামে এমন এক বাদ্যযন্ত্রের বাদন শোনা যাবে, যা এখন আর খুব বেশি বাজানো হয় না। বেহালাকে অবলম্বন করে থাকবে বিভিন্ন পরিবেশনা। এই চতুর্থ আসরে অংশ নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, থাকছে সিলেটের একটি দলের ‘ধামার’ পরিবেশনা। এসবই নতুন সংযোজন।
অনুষ্ঠানের সামগ্রিক পরিবেশ ও নিরাপত্তার ব্যাপারে কী ভেবেছেন?
নিরাপত্তা বিষয়ে এ বছর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পুলিশ আমাদের খুব সহযোগিতা করবে। নিরাপত্তার কারণেই এবার নতুন কিছু নিয়ম থাকছে—উৎসব প্রাঙ্গণে কোনো ব্যাগ নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। অনুষ্ঠান স্থলে কোনোভাবেই নিবন্ধন করা যাবে না, ফলে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। রাত একটার পরে সব ফটক বন্ধ হয়ে যাবে। আর্মি স্টেডিয়ামের পুরো মাঠই এবার থাকবে সিসি টিভি ক্যামেরার আওতায়। তবে গান শোনার পরিবেশ যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকেও দৃষ্টি রয়েছে আমাদের।

উৎসব এবং কাইয়ুম চৌধুরী...
শিল্পী কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে এই উৎসবটি। তাঁর শূন্যতা সব সময় অনুভব করব আমরা।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ