পোস্টম্যানদের না বলা কথা ফুটে উঠেছে: নাইম

নাইম এ প্রজন্মের অভিনেতা। রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও এবার ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন। রাসেল শিকদার পরিচালিত নাটকটির নাম পোস্টম্যান। নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা এবং ঈদের ছুটিসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
ঈদের ছুটি কেমন কাটল?
যেকোনো উৎসবে আমি মজা করতে পছন্দ করি। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছি। আবার রাত জেগে আড্ডাও দিয়েছি। আমার ছুটির আমেজ এখনো কাটেনি। তবুও আবার নতুন করে কাজ শুরু করতে হবে।
ঈদে আপনার অভিনীত কতগুলো নাটক প্রচারিত হয়েছে?
এবার ঈদে আমার অভিনীত মোট ১০টি নাটক প্রচারিত হয়েছে। আমি দুই মাস ধরে শুধু ঈদের নাটকে কাজ করেছি। অনেক নাটকের প্রস্তাব পেয়েছি, কিন্তু কাজ করেছি অল্প। এর প্রধান কারণ, আমি ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।
নাটকগুলো কি দেখেছেন?
আমি এবারই প্রথম সবগুলো নাটক দেখেছি। ওয়াহিদ আনাম, চয়নিকা চৌধুরী ও রাজিবুল ইসলাম পরিচালিত নাটকগুলো থেকে অনেক সাড়া পেয়েছি।
‘পোস্টম্যান’ নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। এ বিষয়ে কিছু বলুন।
পোস্টম্যান নাটকটি পরিচালনা করেছেন রাসেল শিকদার। এখানে আমার সহশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যয় ও হেনা। এত দিন আমি রোমান্টিক চরিত্রে কাজ করেছি। এই প্রথম সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। এটা আমার অনেক পছন্দের কাজ। নাটকটিতে পোস্টম্যানদের অনেক না-বলা কথা ফুটে উঠেছে। আশা করছি, দর্শকেরা এই নাটকে ভিন্ন এক নাইমকে খুঁজে পাবেন।
কী ধরনের চরিত্রে আপনি কাজ করতে পছন্দ করেন?
একজন অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রে কাজ করতে আমার ভালো লাগে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যাঁরা মানসিকভাবে অসুস্থ না হলেও স্বাভাবিক আচরণ করতে পারেন না। এর পেছনে হয়তো নির্দিষ্ট কোনো কারণ আছে। কখনো সুযোগ পেলে এ ধরনের চরিত্রে কাজ করতে চাই।
চলচ্চিত্রের কাজের খবর কী?
কোনো খবর নেই। তবে ছবিতে অভিনয় করার প্রস্তাব কিন্তু পাচ্ছি। এসব ছবির চিত্রনাট্যের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না।