
২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ দিনটিকে নানাভাবে উদ্যাপন করে আসছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এবারও রয়েছে তাদের জাঁকজমক উদ্যাপন পরিকল্পনা, যা শুরু হচ্ছে আজ থেকে। উৎসব নিয়ে কথা বললেন এ সংস্থার সভাপতি ও নৃত্যশিল্পী মীনু হক
আপনারা তো ২৫ বছর ধরে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে আসছেন, তাই না?
২৫ বছর হয়ে গেল! হ্যাঁ, তাই তো। ১৯৯১ সাল থেকে আনুষ্ঠানিক উদ্যাপন শুরু করেছিলাম। ২৪ পেরিয়ে পঁচিশে পড়লাম!
এবারের উদ্যাপনে কী কী থাকছে?
বাংলাদেশের প্রায় সব গুণী নৃত্যশিল্পীই এবারের আয়োজনে অংশ নিচ্ছেন। আজ বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এ উদ্যাপন। প্রতিদিন থাকবে নৃত্যানুষ্ঠান, সেমিনার, কর্মশালা, মেলা এবং শেষ দিন বর্ণাঢ্য শোভাযাত্রা বেেরাবে।
এ বছর গুণী নৃত্যশিল্পী সম্মাননা কে পাচ্ছেন?
আমরা প্রতিবছরই একজন গুণী নৃত্যব্যক্তিত্বকে সম্মানিত করি। এ বছর ময়মনসিংহের জ্যেষ্ঠ নৃত্যশিল্পী নারায়ণ দেবকে নাচে তাঁর অবদানের জন্য সম্মাননা দিচ্ছি।
পুরো আয়োজনে কতজন নৃত্যশিল্পী অংশ নিচ্ছেন?
দেশের নানা প্রান্ত থেকে আসবেন শিল্পীরা। পুরো আয়োজনে কতজন অংশ নেবেন, তা বলতে পারব না, কিন্তু বলা যায়, প্রতিদিন প্রায় ২০-২৫টি সংগঠনের ২০০ থেকে ২৫০ সদস্য আমাদের উদ্যাপনে অংশ নেবেন।