প্রতিনিয়ত আমার প্রিয় বই, প্রিয় লেখক আবিষ্কৃত হয়
সাত মাস লন্ডনে কাটিয়ে সপ্তাহখানেক হয় ঢাকায় ফিরেছেন অভিনয়শিল্পী শম্পা রেজা। আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে এই অভিনয়শিল্পীর জমিদার বাড়ি নাটকের শততম পর্ব। শিগগিরই আবার উপস্থাপনাও শুরু করবেন।
প্রশ্ন :
কেমন আছেন?
ভালো আছি। বই পড়ছিলাম। লন্ডন থেকে অনেক বই এনেছি।
প্রশ্ন :
কী কী বই আনলেন?
ছয় মাস ছিলাম তো, বই পড়েছি আর বই কিনেছি। কার্গোতে আসছে ৩০টি বই। এ তালিকায় আছে কাজুও ইশিগুরোর চারটা বই, এ সি গ্রেলিংয়ের দ্য এজ অব জিনিয়াস, হিশাম মেটারের এ মান্থ ইন সিনা, অরুন্ধতী রায়ের মাই সিডিশাস হার্টস, ঝুম্পা লাহিড়ীর নতুন কয়েকটি বই, গ্রেইল ক্রোদারের থ্রি মার্টিনি আফটারনুন অ্যাট দ্য রিটজ: দ্য রেবেলিয়ন অব সিলভিয়া প্ল্যাথ অ্যান্ড অ্যান স্যাক্সটনসহ মোট ৩০টি বই। যুক্তরাষ্ট্রের নৃত্যশিল্পী টাইলা থার্পের সব কটি বই কিনেছি। আশির কাছাকাছি বয়সী এই শিল্পী এখনো নাচেন। আগেও তাঁর বই পড়েছি, তবে বন্ধুদের কাছ থেকে নিয়ে। এবার ভাবলাম, নিজেই কিনব।
প্রশ্ন :
এঁরা সবাই কি আপনার প্রিয় লেখক?
প্রিয় তো আবিষ্কারও করতে হয়। আমি সারাক্ষণই প্রিয় আবিষ্কার করতে থাকি। প্রতিনিয়ত আমার প্রিয় বই, প্রিয় লেখক আবিষ্কৃত হয়।
প্রশ্ন :
আপনি যখন লন্ডনে তখন তো সেখানে ভয়াবহ করোনা। কেমন কেটেছে?
নাতিকে দেখতে গিয়েছিলাম। যখন আমি লন্ডন যাই তখন সেখানে করোনার সংক্রমণ অনেক। তারপর পুরো লন্ডন লকডাউন। এরপর সংক্রমণ কমলেও ইন্ডিয়ান ভেরিয়েন্টে পাওয়া যায়। তাই বেড়ানো হয়নি। তবে আশপাশে পার্ক ছিল তো, অনেকে হেঁটেছি। অনেক বই পড়েছি। সবাইকে উপহার দেওয়ার জন্যও বই কিনেছি। আর নাতির সঙ্গে সময় কাটিয়েছি। খুব সুন্দর সময় কেটেছে। বয়স ১ বছর ৩ মাস।
প্রশ্ন :
বই পড়া ছাড়া আর কোন কাজটা বেশি উপভোগ করেন।
বই না পড়লে গান শুনি। আর বাচ্চাদের সঙ্গে থাকা। বাচ্চা পেলে আমার তো মহা আনন্দ।
প্রশ্ন :
উপস্থাপনার কী খবর?
এই কয় মাস হয়নি। বৃহস্পতিবার থেকে আবার শুরু করছি। এটা খুবই ইন্টারেস্টিং, আমি কখনোই উপস্থাপনা করতে চাইনি। একুশে টেলিভিশন শুরুর আগে সায়মন ড্রিং আমাকে দুই বছর ধরে উপস্থাপনার জন্য ট্রেইনড করল। ভিডিও ও বই দিয়ে তৈরি করল। এরপর প্রথম উপস্থাপনা করলাম শম্পা রেজার বৈঠকঘর। আড্ডার ঢঙে সেই অনুষ্ঠান করেছি।
প্রশ্ন :
আপনি নিজেও তো গান গাইতেন। নতুন করে গাইতে ইচ্ছে করে না?
নতুন করে গাওয়া বা কেন গাইছি না, এসব নিয়ে আমি মোটেও বিচলিত নই। তবে গাইব আবার। সর্বশেষ এনামুল করিম নির্ঝরের প্রজেক্টে গেয়েছিলাম। আমার কাছে অনেকগুলো গান জমা আছে। আলাউদ্দিন আলী, লাকী আখান্দের বেশ কয়েকটি গান করোনার আগেই রেকর্ড করার কথা ভেবেছিলাম। হয়নি। গানগুলো নিয়ে এখন আবার ভাবছি।
প্রশ্ন :
বৈশাখী টেলিভিশনে আপনার অভিনীত জমিদার বাড়ি নাটকের আজ শততম পর্ব প্রচারিত হচ্ছে। এ নাটকে অভিনয় করে কেমন লাগছে?
যে মজা লেগেছে—বলে বোঝাতে পারব না। এই নাটকে আমি ৮০ বছরের এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছি। এই প্রথম (সাজ্জাদ হোসেন) দোদুলের সঙ্গে কাজ করেছি। ওর সবচেয়ে ভালো লেগেছে, নাটকের গল্পের মোচড় দেওয়ার ব্যাপারটা। আর একেকজন এত ভালো অভিনয়শিল্পী—আমি কাজ করার সময় ওদের দ্বারা মুগ্ধ। আবার নতুন লটের কাজ শুরু করব।