>দীর্ঘ বিরতির পর এ বছর হয়ে গেল জাতীয় নাট্যোৎসব। এর আগে এ উৎসব হয়েছিল ২০১১ সালে। গত বৃহস্পতিবার শেষ হওয়া জাতীয় নাট্যোৎসবের পরিসমাপ্তি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বললেন উৎসবের অন্যতম আয়োজক গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান।

উৎসবে দর্শকের অংশগ্রহণ কেমন ছিল?
সন্তোষজনক। সারা দেশে জঙ্গি হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা ও হত্যার কারণে সমাজটা স্থবির হয়ে উঠেছিল। মানুষ কোথাও যেতে ভয় পাচ্ছিল। এ উৎসবের মধ্য দিয়ে যেন সবাই আবারও ঘরের বাইরে বের হতে শুরু করেছে।
মহিলা সমিতির মঞ্চে কি দর্শক একটু কম হয়েছে?
খানিকটা কম হয়েছে হয়তো। এর অন্যতম কারণ অনভ্যস্ততা। অনেক দিন বন্ধ ছিল মঞ্চটা। শিগগির আবারও স্বাভাবিক হয়ে যাবে আশা করি। এবারের উৎসব চলাকালে কোনো কোনো দিন দেখা গেছে, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারের চেয়ে সেখানে দর্শক বেশি ছিল।
এত বড় উৎসবের ব্যবস্থাপনায় সমস্যা হয়নি?
নাটক অনেক ধরনের কাজেরই সমন্বয়। উৎসবের ব্যবস্থাপনাটাও সেগুলোর অন্তর্ভুক্ত। আমাদের পরিষদের সদস্যরা সব সময় সজাগ ছিলেন। ফলে অন্যান্য উৎসবের থেকে এটা আরও সুশৃঙ্খলভাবে শেষ করা গেছে।
জাতীয় নাট্যোৎসব এত দেরি করে আয়োজনের কারণ কী?
রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাজেটের অপর্যাপ্ততাই মূল কারণ। তবে এ উৎসবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতিবছর জাতীয় নাট্যোৎসব হবে।
নাটকের সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করার কথা শোনা গিয়েছিল। সেটার কত দূর?
সারা দেশে যখন জঙ্গি হামলা শুরু হলো, তখন নাট্যকর্মীদের নিয়ে বসেছিল তিনটি মন্ত্রণালয়। আমরা তখন স্কুল-কলেজের পাঠ্যসূচিতে নাটককে যুক্ত করার কথা প্রস্তাব করেছিলাম। এ নিয়ে পরের সভায় বিস্তারিত আলোচনার কথা ছিল।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ