প্রতিবছরই নতুন নতুন গণসংগীত তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফকির আলমগীর
ফকির আলমগীর

আজ মহান মে দিবস। প্রতিবছরের মতো এ বছরও গণসংগীতশিল্পী ফকির আলমগীর ব্যস্ত থাকবেন গান নিয়ে। তাঁর সঙ্গেই কথোপকথন
আজ কোথায় কোথায় গণসংগীত পরিবেশন করবেন?
বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে গণসংগীতের অনুষ্ঠান করার পাশাপাশি বিভিন্ন জায়গায় খোলা মাঠে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করা হবে। গণসংগীত সমন্বয় পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠান করবে। গতকাল থেকেই মে দিবসের কার্যক্রম শুরু হয়ে গেছে। এ ছাড়া আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করব। তার আগে গাজীপুর, সখীপুরসহ বিভিন্ন জায়গায় শ্রমিক সমাবেশে গণসংগীত নিয়ে অংশ নেব।
কোন ধরনের গণসংগীত গাইবেন?
যে গানগুলো স্বাদেশিকতার ধারায় সহজ-সরলভাবে লেখা, শ্রমিক ভাইয়েরা সহজেই বুঝবেন, সেই ধরনের গণসংগীতই পরিবেশন করব। এ ছাড়া কিছু কিছু অনুষ্ঠানে আন্তর্জাতিকতার ধারায় ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত গানগুলোও করব।
মে দিবসে প্রতিবছর একই ধরনের গণসংগীত পরিবেশন করেন। নতুন নতুন গণসংগীত তৈরি করছেন না কেন?
শ্রমিক, মজুর ও কিষানদের অধিকার নিয়ে লেখা যে গানগুলো যুগ যুগ ধরে বেঁচে আছে, সেই গানগুলো গাওয়া হয়। সময়কে ধরে প্রতিবছরই নতুন নতুন গণসংগীত তৈরি হচ্ছে। এ সময়ের তনু, নভেরা, মালালা ও আইলানকে নিয়ে লেখা গণসংগীত বিভিন্ন জায়গায় পরিবেশন করছি।
এর আগে গণসংগীতের একটি অ্যালবাম বের করার কথা বলেছিলেন। তার খবর কী?
গণসংগীতের দুটি অ্যালবামের কাজ প্রায় শেষ। অ্যালবাম দুটির নাম দুনিয়া কাঁপানো মানুষের গান ও শপথের গান। আশা করছি, মে মাসের শেষের দিকে দুটি অ্যালবামই প্রকাশ করতে পারব।
সাক্ষাৎকার: শফিক আল মামুন