প্রতিমুহূর্তে রাজনীতির শিকার হচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা অ্যাটাক ছবিটি নিয়ে ২১ দিন মধ্যপ্রাচ্য আর ইউরোপের কয়েকটি দেশ ঘুরে এলেন ছবিটির নায়ক আরিফিন শুভ। মঙ্গলবার রাতে ঢাকায় ফেরার এক দিন পর আবার ব্যস্ত হয়ে পড়েন কাজে। গতকাল বুধবার বিকেলে দেশের বাইরের ছবি প্রচারের অভিজ্ঞতা ও নতুন কর্মপরিকল্পনার কথা জানান প্রথম আলোকে

আরিফিন শুভ
আরিফিন শুভ

সিনেমা নিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপ ভ্রমণ কেমন ছিল?
শুরুতে আমরা গিয়েছিলাম দুবাই। এরপর ফ্রান্স ও ইতালি। দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশি সিনেমার এত বিশাল দর্শক যে সেখানে আছেন, তা বাইরে যাওয়ার পর বুঝতে পেরেছি। ইতালির আনকোনা শহরে তো নাকি কখনো বাংলা সিনেমা যায়নি। আরেকটা শহরে গিয়ে জানলাম, সেখানে সর্বশেষ মনপুরা সিনেমা দেখানো হয়েছিল। ব্যস্ততার কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে যেতে পারিনি।

কোথায় বাংলা সিনেমা নিয়ে আগ্রহ বেশি মনে হয়েছে?
সবচেয়ে বেশি দর্শক–সাড়া পেয়েছি দুবাই। এরপর ইতালির রোম শহরের দর্শকদের কথা বহুদিন মনে থাকবে।

বাংলা সিনেমা নিয়ে প্রবাসী দর্শকেরা কী ভাবেন?
সত্যি বলতে, এখনকার বাংলা সিনেমা সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না। বাঙালিদের কেউ সেখানে আছেন ১৫ বছর ধরে, কেউবা ৩০ বছর। কিন্তু তাঁদের সবার কাছ থেকে জানতে পারলাম, সেখানে বাংলা সিনেমার কোনো প্রচার নেই। তবে আমরা এবার সেখানকার অনেকের মধ্যে উদ্দীপনা দেখলাম।

আপনি দেশের বাইরে থাকা অবস্থায় শুনলাম ‘বেসিক আলী’ সিনেমাটি করছেন না। কেন?
কোনো শিল্পী ইচ্ছা করেই সিনেমার কাজ ছেড়ে দিতে চায় না। আমার কাছে মনে হয়েছে, গল্পের কিছু জায়গায় চ্যালেঞ্জ অনুভব করছি না, তাই ছেড়ে দিয়েছি।

দেশে ফিরে নতুন কি মিশন শুরু করছেন?
মাত্র তো ফিরলাম। অনেকে যোগাযোগ করেছেন। কথাও বলেছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে নতুন কিছু বলতে পারব। তবে অভিনয়জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝে গেছি, যে ছবিতে শিল্পী হিসেবে কাজ করার আগ্রহ পাব না, তাতে কাজ করে কোনো লাভ নেই। এর চেয়ে বরং কোনো কাজ না করে ঘরে বসে থাকা ভালো। আগ্রহ ছাড়া জোর করে একটা কাজ করলে হয়তো আমি সবাইকে বলতে পারব, খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। কিন্তু দিন শেষে ফলাফল সেই ‘জিরো’।

তাহলে সিনেমার কাজ হাতে নেওয়ার ক্ষেত্রে কী দেখেন?

আমি সব সময় গল্প, পরিচালক ও প্রযোজক দেখে সিনেমার কাজ হাতে নিই।

আপনার হাতে থাকা সিনেমার খবর বলুন।

ডিসেম্বরে মুক্তি পাবে ভালো থেকো আর এরপর একটি সিনেমার গল্প।

চলচ্চিত্রের নায়ক-নায়িকারা অনেক সময় ইন্ডাস্ট্রির ভেতর নানা ধরনের রাজনীতির শিকার হন। এমনটা প্রায়ই শোনা যায়। আপনার ক্ষেত্রে কি তেমনটা ঘটেছে?

রাজনীতির শিকার প্রতিমুহূর্তে হই, হচ্ছি। কিন্তু এসব নিয়ে মোটেও মাথা ঘামাই না। আমার পরিবার ও কাছের বন্ধুদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, তা নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, সততা, অধ্যবসায় ও দায়িত্বশীলতার সঙ্গে কেউ কাজ করলে তাদের কেউই থামিয়ে রাখতে পারে না।

সাক্ষাৎকার: মনজুর কাদের