
বাংলাদেশে এসে কেমন লাগছে?
খুবই ভালো। আজ বাবাকে মনে পড়ছে খুব। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমার বয়স ছয়-সাত হবে। তখন আমার বাবা আমাকে পত্রিকায় যুদ্ধের খবর পড়ে শোনাতেন। তা ছাড়া কয়েক বছর আগে হায়দরাবাদে কলকাতার একটি ছবিতে নায়ক রাজ্জাকের সঙ্গেও কাজ করেছিলাম। তাঁকে আমি বিরিয়ানি খাইয়েছিলাম। আর তিনি আমাকে মাংস রান্না করে খাইয়েছিলেন। তখন বলেছিলাম, বাংলাদেশে গেলে তাঁর সঙ্গে দেখা করব। বাংলাদেশে এসে প্রথম ফোনটা আমি তাঁকেই করেছি। কয়েক দিনের মধ্যে দেখা করব। সেটা ভেবেও ভালো লাগছে।
বাংলা ছবি কি দেখা হয়?
ইন্দো-বাংলা ছবিতে অনেক কাজ করেছি। তবে বাংলাদেশি ছবি দেখা হয়নি। ফেরদৌস আমার ভালো বন্ধু। তাঁর অভিনীত একটি ছবি সিঙ্গাপুরে ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছিলাম।
আপনার মা বাঙালি ছিলেন। বাঙালি সংস্কৃতিকে কতটা কাছ থেকে দেখেছেন?
সত্যি বলতে, অনেক দূর থেকে দেখেছি। আমার বাবা কেরালার। আমি দিল্লিতে বড় হয়েছি। তবে বাংলার প্রতি আমার টান অনেক আগে থেকেই। আমার স্ত্রী রাজশ্বী বিদ্যার্থী কলকাতার মেয়ে। আমার শাশুড়ি শকুন্তলা বড়ুয়া বাঙালি অভিনেত্রী ছিলেন। তাই ধীরে ধীরে বাংলা শিল্প-সাহিত্য আমার কাছে চলে এসেছে। তবে আপনাদের মতো বাংলাটা এখনো ভালো বলতে পারি না।
সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। বলিউডে প্রতিষ্ঠা পেতে সংগ্রাম করতে হয়েছে?
ছোটবেলা থেকেই থিয়েটার শুরু। স্কুল-কলেজের পর ন্যাশনাল স্কুল অব ড্রামায় যোগ দিই। এখনো থিয়েটার করছি। ১৯৯২ সালে মুম্বাই আসি। প্রথম দুই বছর ফিল্মে কোনো কাজ করিনি। খাবারের টাকার জন্য ডাবিং করতাম। দূরদর্শনে ‘বিজনেস বাতি’ নামে স্টক মার্কেটের একটা শোতে ডাবিং করে কণ্ঠ বিক্রি করতাম। প্রতি শোতে দেড় শ টাকা। পরে একটা সময় ফিল্মে কাজ শুরু করি।
ভিনদেশি চলচ্চিত্র বাছাই করার সময় কোন দিকে খেয়াল রাখেন?
আমি মূলত ভালো মানুষগুলোর সঙ্গে কাজ করতে চাই। করিও। কাজ করার সময় অবশ্যই ওই প্রজেক্টটির মধ্যে রোমাঞ্চকর বিষয় আছে কি না দেখি। ভাষা কোনো বিষয় নয়, চলচ্চিত্রে যেসব মানুষের মধ্যে নিষ্ঠা ও একাগ্রতা আছে, তাঁদের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দবোধ করি।