প্রায়ই বাসার বাজারটা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

১০ নভেম্বর জিপি মিউজিক থেকে প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী সভ্যতার প্রথম একক অ্যালবাম যদি থাকত ডানা। এরই মধ্যে এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নিজের প্রথম একক অ্যালবাম ও আরও কিছু বিষয় নিয়ে কথা বললেন তিনি।

সভ্যতা
সভ্যতা

আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে...
অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। আজ (গতকাল মঙ্গলবার) দুপুর পর্যন্ত অ্যালবামের মিউজিক ভিডিওর শুটিং করলাম কারওয়ান বাজারে। একটি গানের মিউজিক ভিডিও হচ্ছে। গান থাকবে সাতটি।
প্রথম একক অ্যালবাম। অনুভূতিটা অন্য রকম, তাই না?
একেবারেই অন্য করম। আগে যে দু-একটি গান বের হয়েছে, এত টেনশন হয়নি। এটা নিয়ে খুব ভয়ে আছি। শ্রোতারা যে কীভাবে নেবেন, ঠিক বুঝতে পারছি না।
নতুন অ্যালবামে বিশেষ কী থাকছে?
রক ও জ্যাজ ঘরানার গান থাকছে। বিশেষত্বটা শুনলে সবাই বুঝবেন। শুধু এতটুকু বলে রাখি, এ রকম অ্যালবাম আমাদের দেশে হয় না। আর হলেও সহজে ‘হিট’ হয় না। আমার বেলায় দেখি কী হয়!
শুনলাম, বাবার স্কুলের দায়িত্ব নিয়েছেন?
হুম, বাবা খোদাবক্স শানুর হাতে গড়ে তোলা গানের চর্চার স্কুলে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। সপ্তাহে দুই দিন ৬০-৭০ জন শিক্ষার্থী গান শিখতে আসে।
বাচ্চাদের গান শেখাতে কেমন লাগে?
আমার স্কুলের সবাই কিন্তু বাচ্চা নয়। ৬ থেকে ৬০ বছর বয়সী অনেকেই আছেন। বাচ্চাদের দুষ্টুমিও ভালো লাগে, আবার অনেক সময় ওদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শেখাও যায়।
আর কী কাজ করছেন?
স্কুলে ক্লাস নিয়ে, গান লিখে, সুর, রেকর্ডিং, মিউজিক ভিডিও করে আর নতুন কিছু করার সময় থাকে না। তবে প্রায়ই বাসার বাজারটা করা হয় (হাসি)।
তিন ভাইবোন মিলে গানের চর্চা হয়?
আসলে আমরা ভাইবোন মিলে দু-একটা অনুষ্ঠানে গান গাওয়া হয়। কিন্তু সব সময় নয়। কারণ, সন্ধি ও স্বাগতা আমার চেয়ে বড়। তাই অনেক কিছুতেই আমাদের ঠিকমতো মেলে না।
এই সময়ের শিল্পীদের গানের চর্চাটা কেমন বলে মনে হয়?
চর্চার ব্যাপারটা সবকিছুর ওপর নির্ভর করে। কারণ, আমাদের চেয়ে এখনকার বাচ্চারা অনেক বেশি আপডেটেড, অর্থাৎ জ্ঞানী। আমরা ছোটবেলায় যেভাবে গান শুনতাম, এখনকার বাচ্চারা কিন্তু সেভাবে শোনে না। কিছুদিন আগেও একটি গান সবার কাছে পৌঁছাতে অনেক দিন সময় লাগত। এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে প্রকাশের পরপরই শুনতে পাচ্ছি। শুধু একটা ব্যাপারে ঘাটতি আছে, সেটা হলো নন্দনতত্ত্ব, সহজ করে বললে গভীরতা। এটা ছাড়া এখনকার গানে বা শিল্পীদের মধ্যে সবই আছে।
সাক্ষাত্কার: হাবিবুল্লাহ সিদ্দিক