>

গত বুধবার রাতে দেশে ফিরেছেন জয়া আহসান। কলকাতায় ছিলেন ২২ দিন। জয়া আহসান অভিনীত রাজকাহিনী ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর। এই ছবির প্রচারণার জন্যই অনেকটা সময় সেখানে ছিলেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।
কেমন আছেন?
ভালো। দুপুরের খাবার খাচ্ছি আর পুত্র ছবি নিয়ে পরিচালক সাইফুল ইসলাম মান্নুর সঙ্গে আলোচনা করছি।
‘পুত্র’ ছবির শুটিং তো শুরু হয়ে গেছে...
হ্যাঁ, কিছু কাজ হয়েছে। আমি এই ছবির শুটিং শুরু করব সোমবার।
এই ছবির গল্পটা কেমন মনে হচ্ছে?
খুবই সমসাময়িক। অটিস্টিক শিশুকে নিয়ে গল্প। অটিস্টিক শিশুদের নিয়ে এখন কিন্তু বিশ্বজুড়ে নানা ধরনের কাজ হচ্ছে। এই ছবিতে সবার জন্য কিছু বার্তা থাকবে।
অনেক দিন পর দেশে ফিরেছেন। ফিরেই ব্যস্ততা শুরু হয়ে গেছে?
কাল পরিবারকে একটু সময় দিয়েছি। আজ (শুক্রবার) সকাল থেকেই নতুন কাজের ব্যাপারে আলোচনা শুরু করেছি।
নতুন কোন কাজ নিয়ে আলোচনা করেছেন?
হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে আকরাম খান একটি ছবি তৈরি করবেন। হাসান আজিজুল হক আমার খুবই প্রিয় একজন লেখক। তাঁর অনেক লেখা পড়েছি। এবার প্রিয় লেখকের গল্পের ছবিতে কাজ করব, এটা আমার জন্য অনেক আনন্দের। ছবিটিতে কাজের ব্যাপারে আকরাম খানের সঙ্গে আমার অনেক আগেই কথা হয়েছে। এখন তা চূড়ান্ত হলো। রাজকাহিনী ছবির গল্পের প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে, আবার ‘খাঁচা’ গল্পটিও কিন্তু সেই একই সময়ের।
‘খাঁচা’ নিশ্চয়ই একটি ভালো কাজ হবে।
আমিও তা-ই আশা করছি। আমার অভিনয়জীবন কিন্তু শুরু হয়েছিল রশীদ করিমের ‘প্রসন্ন পাষাণ’ গল্প নিয়ে তৈরি নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৯৭ সালের কথা। তখন তো ‘প্রসন্ন পাষাণ’ শব্দ দুটির অর্থই বুঝতে পারিনি। না বুঝেই একটা ভালো কাজ করে ফেলেছিলাম। সেই থেকে আমার শুরু।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ তো মুক্তি পেয়েছে। এরপর?
কলকাতায় কয়েকটি ছবির ব্যাপারে আলোচনা হয়েছে। এখনই সবকিছু বলতে চাইছি না। বেলা শেষে ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় একটি ছবির কাজ করবেন। নাম কণ্ঠ। এই ছবিতে আমি কাজ করব। আমার সঙ্গে আরও অভিনয় করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কোয়েল মল্লিক।
বাংলাদেশের আর কোনো ছবির ব্যাপারে আলোচনা হয়েছে?
মাহমুদ দিদারের বিউটি সার্কাসছবিতে অভিনয় করব। এই ছবিতে আমাকে সার্কাসের একজন শিল্পীর চরিত্রে দেখা যাবে। এই চরিত্রের প্রস্তুতির জন্য আমাকে অনেকটা সময় দিতে হবে। ছবিটির শুটিং হবে আগামী বছরের জানুয়ারি মাসে।
সাক্ষাত্কার: মেহেদী মাসুদ