প্রেম করলে ক্যারিয়ারে সমস্যা হতে পারে
এবার ঈদে তরুণ অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত ২৫টির মতো নাটক প্রচারিত হবে। তিন বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর এতগুলো নাটক প্রচারিত হচ্ছে। অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা না থাকা সেই পায়েল এখন অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদের কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।
প্রশ্ন :
এবার ঈদে কতটা নাটক প্রচারিত হবে?
সব মিলিয়ে ২৫টির মতো হতে পারে। এখনো কিছু নাটকের শুটিং চলছে।
প্রশ্ন :
সংখ্যাটা কি বেশি হয়ে গেল না?
নাটকগুলো বিভিন্ন সময়ে শুটিং করা। গল্পেও বৈচিত্র্য আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে। দর্শক যে ধরনের ট্রেন্ডি গল্প পছন্দ করেন, সে রকম বেশ কিছু গল্পে অভিনয় করেছি।
প্রশ্ন :
তাহলে নাটকগুলো নিয়ে আপনি আশাবাদী?
রোমান্টিক, কমেডি, সিরিয়াসসহ সব ধরনের গল্পেই অভিনয় করেছি। নাটকগুলো নিয়ে আমি সত্যিই আশাবাদী। তৌসিফের সঙ্গে এবারই ১০টি নাটকে অভিনয় করেছি। আমাদের নতুন জুটি দর্শক কীভাবে নেবেন, সেটা নিয়ে কিছুটা চিন্তায় আছি।
প্রশ্ন :
অভিনয়ের শুরুটা কীভাবে?
অভিনয়ের কোনো ইচ্ছে আমার ছিল না। শখের বশে একবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে গিয়েছিলাম। সেখান থেকেই কয়েকজনের সঙ্গে পরিচয় হয়। এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকতেন। পরে ২০১৮ সালে নাটকে অভিনয় করি। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেছি। নিয়মিত শুটিং করব, পরিচিত পাব, এটা কখনো ভাবিনি।
প্রশ্ন :
তাহলে আপনাকে অভিনয়ের জন্য কোনো সংগ্রাম করতে হয়নি?
আমার কোনো স্ট্রাগলের গল্প নেই। আমার কপাল ভালো। মাত্র দু–তিন বছরে আমার মতো কেউ এতটা সফলতা পায় না। দর্শক আমাকে পছন্দ করেছেন, এটাই খুশির কারণ।
প্রশ্ন :
অভিনয় নিয়ে পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন?
শুরুতে যখন শুটিং করতাম, তখন পরিবার থেকে বাধা দিত। কেন শুটিংয়ে যাচ্ছি, আর যেন না যাই—এসব শুনতে হতো। পরিবারের সবাই যখন দেখল, এখানে ভালো করছি, তখন উৎসাহ দিতে লাগল। পরিবারের সবাই এখন আমাকে নিয়ে গর্ব করেন। তাঁরা আমার মিডিয়ায় কাজকে ভালোভাবে দেখেন।
প্রশ্ন :
এখন টিকে থাকার জন্য কী কতটা সংগ্রাম করতে হচ্ছে?
টিকে থাকতে নিয়মিত অভিনয় দক্ষতা বাড়াচ্ছি। গল্প চিত্রনাট্য দেখে কাজ করার চেষ্টা করতে হচ্ছে। সব ধরনের দর্শক কীভাবে আমার অভিনয় পছন্দ করবেন, সেটা নিয়ে ভাবছি। অল্পতেই অনেক কিছু পেয়েছি বলে কাজে ফাঁকি দিতে চাই না। আমি দুই প্রজন্মের অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করে শিখতে চাই। এমনকি সবাই আমাকে কো-অপারেট করে।
প্রশ্ন :
অভিনয় শুরুর পর আপনার ব্যক্তিজীবনে কী ধরনের পরিবর্তন করেছে?
এতটাই ব্যস্ত থাকি, এখন পরিবার, বন্ধুবান্ধবদের জন্য সময় বের করতে পারি না। আমি তো টিনএজ, পরিবারে সবার ভীষণ আদরের। কিন্তু শুটিংয়ে বোঝাতে হয়, আমি অনেক কিছু বুঝি, আমি ম্যাচিউরড। মাঝেমধ্যে নিজেকে বুড়ো মনে হয়।
প্রশ্ন :
কখনো কি মন খারাপ হয়?
টানা কাজ করলে খুব মন খারাপ হয়। সামাজিক অনেক অনুষ্ঠানে কমিটমেন্ট দিয়েও যেতে পারিনি। বন্ধুরা ঘোরাঘুরি করে, আড্ডা দেয়, ফেসবুকে তাদের আড্ডার ছবি দেখলে খারাপ লাগে। তখন মন খারাপ নিয়েও শুটিং করি।
প্রশ্ন :
আপনার প্রসঙ্গে একটু জানতে চাই? আপনি কি বিয়ে করছেন?
আমাদের পরিবারের সদস্য পাঁচজন। আমি বিয়ে করিনি। আমি এখনো ছোট। পড়াশোনা করছি। পড়াশোনা শেষে বিয়ে করব। আমি কোনো প্রেমের মধ্যে নেই। প্রেম করলে ক্যারিয়ারে সমস্যা হতে পারে। এখন অভিনয়শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছি।
প্রশ্ন :
পছন্দের অভিনয়শিল্পী কারা?
সালমান শাহ আর ববিতা ম্যাডাম আমার খুবই পছন্দের অভিনয়শিল্পী। আরও অনেকেই আছেন।
প্রশ্ন :
শুটিংয়ে আপনাকে নিয়ে কোনো গুজব আছে?
না। তেমন কিছু কখনো শুনিনি। আমাকে নিয়ে কোনো গুজব নেই। কেউ যেন আমাকে ট্রাপে না ফেলে, সে জন্য সচেতন থাকার চেষ্টা করি।
প্রশ্ন :
আপনি প্রথম নাটকে কোন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন?
আমি কখনোই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির চরিত্রে অভিনয় করিনি। প্রথম নাটকেই প্রধান অভিনেত্রী হিসেবে সহ-অভিনেতা হিসেবে পেয়েছিলাম আফরান নিশোকে। তাঁর সঙ্গে অভিনয় করতে হবে শুনে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম।
প্রশ্ন :
আপনার ফেসবুকে দেখলাম দর্শক আপনার অভিনয়ের পাশাপাশি হাসি পছন্দ করেন....
হাসলে মুখে টোল পড়ে, এই জন্য মনে হয় তারা আমার হাসি পছন্দ করেন। (হাসি)