বিক্রি হলেই সব জিনিস পণ্য হয় না
>ধানমন্ডির ইএমকে সেন্টারে চলছে তরুণ চিত্রশিল্পী সৈয়দ ফিদা হোসেনের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘এনিগমা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রাক্তন এ শিক্ষার্থী ইতিমধ্যে অংশ নিয়েছেন বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতে। শিক্ষাজীবনে পেয়েছিলেন ‘দীপা হক পুরস্কার’। চিত্রকর ও কার্টুনিস্ট ফিদার ছবি আঁকার ভ্রমণ নিয়ে আলাপ হলো তাঁর সঙ্গে।

চিত্রকলায় স্নাতকোত্তরের সনদটা হাতে পেলেন গত বছর। পরের বছরই একক প্রদর্শনী। একটু জলদি হয়ে গেলে না?
অনার্স শেষ করার পরই আমাদের পরীক্ষামূলক কাজ শুরু হয়। সেই মোতাবেক ২০১১ সালে অনার্স শেষ করে বুঝে উঠতে পারছিলাম না কী করব। গত বছরের মাঝামাঝি থেকে এ বছরের শুরু পর্যন্ত কিছু কাজ করে ফেলি। সেগুলো নিয়ে প্রথম একক প্রদর্শনী। কিন্তু এর জন্য প্রস্তুতিটা ছিল দীর্ঘ। বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতে আমার ছবি স্থান পেয়েছে। ইরানে একটা কর্মশালায় বাংলাদেশের প্রকৃতি নিয়ে একটি কাজ করে পুরস্কার পাই। এভাবেই এককের জন্য আত্মবিশ্বাস অর্জন করেছি।
ছবিগুলোর বাণিজ্যিক বিজ্ঞাপন করতে বললে কীভাবে করবেন?
এটা কখনো ভাবিনি। এগুলো বাণিজ্যের জন্যও আঁকা নয়। আসলে বিক্রি হলেই সবকিছু পণ্য হয়ে যায় না। ছবির ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। যাঁরা ছবি ভালোবাসেন, টাকা দিয়ে ছবি নিয়ে যাচ্ছেন। এটা শিল্পকর্মের হাতবদল। চিত্রকর্মগুলো অর্থের বিনিময়ে হাতবদল হয়, হতেই থাকে।
কোন পরিচয়টা বেশি আনন্দ দেয়? কার্টুনিস্ট ফিদা, নাকি চিত্রশিল্পী ফিদা?
যখন যে কাজ আমাকে প্রতিনিধিত্ব করে। আমার কাজ তো আমারই প্রতিনিধি। ছবি আঁকতে অনেক সময় দিতে হয়। কার্টুনটা নিয়মিত করতে হয়।
আপনার নামটি কে রেখেছিলেন? নাম ফিদা বলেই কি চিত্রশিল্পী হলেন?
খুব ছোটবেলাতেই যেখানে-সেখানে ছবি আঁকতাম। ছোটবেলায় একটা অসুখ হয়েছিল, দেখাতে গিয়েছিলাম কলকাতায়। থাকতে হয়েছিল এক ফুফুর বাসায়। তখনো আমার নাম রাখা হয়নি। ছবি আঁকতাম বলে ওই ফুফুই ভারতের খ্যাতিমান চিত্রশিল্পীর নামে নাম রাখার প্রস্তাব করেছিলেন।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ