ফুপুর জন্মদিনে সুস্মিতা আনিস

ফিরোজা বেগমের সান্নিধ্যের কথা মনে পড়ে?
হ্যাঁ, তাঁর ঠোঁটের দিকে তাকিয়েই তো আমার সংগীতশিক্ষার শুরু। অনেক ছোটবেলায় তাঁর কাছে তালিম নিয়েছিলাম। আমার প্রথম অ্যালবামের সংগীত পরিচালনা থেকে শুরু করে সবই করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি অনুষ্ঠান মঞ্চে তাঁর সঙ্গে ‘পৃথিবী আমারে চায়’ গানটি গাওয়ার সৌভাগ্য হয়েছিল।
গান নিয়ে তাঁর দেওয়া বিশেষ কোনো পরামর্শের কথা বলবেন?
ফুপু যখন সংগীতগুরু, তখন বাড়তি কিছু সুবিধা থাকে। গানের ভেতরে প্রবেশ না করা পর্যন্ত শেখাতেন না তিনি। ২০০৯ সাল থেকে একটু কঠিন গান দিতে শুরু করেছিলেন। বলতেন, সেটা নাকি ছিল আমার গড়ে ওঠার সময়। নিবিড়ভাবে শেখানোর পাশাপাশি সব সময় তিনি বলতেন, যেন নিয়মিত চর্চা করি। পরামর্শ ছিল, চর্চা করো, চর্চাই সব।
গানের নতুন ভিডিওটায় বিশেষ কী থাকছে?
১৯৮৬ সালে বিটিভিতে ‘একই বৃন্তে’ নামে একটা অনুষ্ঠানে আসাফউদ্দৌলা ও ফিরোজা বেগম দুই ভাইবোন একটি গান গেয়েছিলেন। কথা ও সুর আসাফউদ্দৌলার। ওই গানটিই আমি নতুন করে গেয়েছি। আমাদের ফরিদপুরের বাড়িতে ভিডিও ধারণ করা হয়েছে। সেখানে ফিরোজা বেগমের অনেক স্মৃতি। এ ছাড়া দেখা যাবে আমাদের পারিবারিক অনেক পুরোনো ছবি।
তাঁকে স্মরণীয় করে রাখতে কী করার পরিকল্পনা?
তাঁর কথা ও সুরের গানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর ‘নজরুলগীতি’কে ‘নজরুলসংগীত’ হিসেবে প্রতিষ্ঠা দিতে যে সংগ্রাম তিনি করে গেছেন, সেটাকে চালিয়ে নেব। জাতীয় কবির গান প্রসারে যতটা কাজ হওয়া দরকার তা হয় না। নজরুলকে বিশ্বে ছড়িয়ে দেওয়া আমার গ্লোবাল এজেন্ডা।
করপোরেট মানুষ হয়েও সংগীতচর্চার সময় পান কীভাবে?
গানকে ভালোবাসলে সময় বের করা যায়। দাপ্তরিক কাজের পর গানের সময় বের করতে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু আমি সেটা করি। আমার মনে হয়, ফুপুই আমাকে সেই শক্তি দিয়ে গেছেন। আমি ভালোভাবে গান চালিয়ে গেলে তিনি শান্তি পাবেন।
সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহ্মুদ