নায়িকা পেয়েছি ফেসবুক থেকে : নিরব
>

মডেল-অভিনেতা নিরব। ২০০৯ সালে শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর থেকে চলচ্চিত্রই ছিল তাঁর ধ্যানজ্ঞান। ইদানীং আবারও টিভি নাটকে কাজ শুরু করছেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে নিরব অভিনীত ‘ভোলা তো যায় না তারে’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। ছবিটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নতুন এই ছবিসহ আরও নানা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নিরব। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের।
এ ছবির শুটিং তো শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। এত দিন পর উদ্বোধন?
হ্যাঁ। ২০১১ সালে জানুয়ারিতে প্রথম ছবির শুটিং হয়। শুরুতে নায়িকা ছিলেন অহনা। তাঁকে নিয়ে দুদিন শুটিং করা হয়। পরে প্রযোজকের ইচ্ছায় তাঁকে বাদ দিতে হয়। কিছুদিন পর নিপুণকে নিয়ে আবারও নতুন করে ছবির শুটিং শুরু হয়। ছয় দিন শুটিংয়ের পর বাদ দেওয়া হয় নিপুনকেও। পরপর দুইবার নায়িকা পরিবর্তনে, টাকা খরচের কারণে পরিচালক অনেকটাই দিশেহারা হয়ে পড়েন। শুরু হয় আবারও নায়িকা খোঁজার মিশন। তখনই ফেসবুকে তানহার সঙ্গে যোগাযোগ। কয়েক দফা কথা বলার পর তানহাকে নিয়ে শুরু হয় ‘ভোলা তো যায় না তারে’ ছবির কাজ। সে হিসেবে বলতে পারেন, ফেসবুক থেকে নায়িকা খুঁজে পাই। আর শেষ পর্যন্ত তাঁকে দিয়ে ভালোভাবেই ছবির কাজ শেষ হয়।
গতকাল এ ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখার পর উপস্থিত অতিথিদের কী মন্তব্য?
এফডিসির ভিআইপি প্রজেকশন হলে যাঁরাই ছবিটি দেখেছেন, সবাই খুব প্রশংসা করেছেন। অনেকে তো ছবি দেখে কেঁদেই ফেলেছেন। আমার অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ বলতে পারেন। এটা ঠিক, ছবির প্রথম ১৫ মিনিট একটু অন্যরকম লাগতে পারে। এরপর প্রতিটা দৃশ্যেই রয়েছে টান টান উত্তেজনা।

এর আগেও তো অনেক ছবি করেছেন। এই ছবি আগেরগুলোর চেয়ে কেন আলাদা?
এর আগে আমি বিশটির মতো ছবিতে কাজ করেছি। কিন্তু এ ছবিতে যেভাবে কাজ করেছি আগেরগুলোতে তেমনটা হয়নি। এ ছবির জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। এমনকি ছবির পরিচালক রফিক সিকদারের সঙ্গে রাগারাগিও করতে হয়েছে।
যেমন?
যেমন একদিন আমরা আরিচা ঘাটে শুটিং করছি। খুব ময়লা একটা জায়গায় আমাকে শুয়ে থাকতে হবে। তাও আবার ঘণ্টার পর ঘণ্টা। ছবির শুটিংয়ের জন্য কিন্তু আমাকে ওই ধরনের ময়লা জায়গায় ঘণ্টার পর ঘণ্টা শুয়ে-বসে থাকতে হয়েছে। এ নিয়ে অনেক রাগারাগি হয়েছে। আরেকবার মানিকগঞ্জে একটি দৃশ্যের শুটিংয়ের সময় তো ভয়ংকর ঘটনা ঘটেছিল। পরিচালক যখন বারবার শট নিচ্ছিলেন একপর্যায়ে তাঁকে স্ক্রিপ্ট ছুঁড়ে মেরে বসেছিলাম আমি। সিদ্ধান্ত নিয়েছিলাম, এ ছবির আর শুটিংই করব না। ছবিতে অভিনয়ের জন্য এত কষ্ট কেন করতে হবে! গতকাল, ছবিটি দেখার পর মনে হয়েছে, যন্ত্রণা দিয়ে ভালোই করেছেন তিনি। সত্যি কথা বলতে, এই ছবি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

নতুন ছবির কাজকর্ম সম্পর্কে কিছু বলুন?
আপাতত নতুন ছবি নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে যেসব ছবির কাজ অসমাপ্ত হয়ে আছে, সামনে সেসব কাজ শুরু করতে যাচ্ছি। এসবের মধ্যে আছে ‘লাভ ইন কোরিয়া’, ‘রাঙা মন’ ও ‘টার্গেট’।
আপনাকে তো ইদানীং টিভি নাটকেও অভিনয়ে দেখা যাচ্ছে ...
অভিনয়কে আরও বেশি করে ঝালিয়ে নেওয়ার জন্যই সিনেমার কাজের অবসরে নাটক করছি। একটি নাটক করতে দুই-থেকে তিন দিন সময় লাগে। গত কয়েক দিন যে কটি নাটকের কাজ করেছি প্রতিটিতেই বৈচিত্র্যপূর্ণ চরিত্র পেয়েছি। এতে করে আমার অভিনয়টা সত্যিই উন্নত করতে পারছি।