বইয়ের প্রতি মানুষের আগ্রহ বিশেষভাবে লক্ষ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বর্ণমেলায় আফজাল হোসেন l ছবি: প্রথম আলো
বর্ণমেলায় আফজাল হোসেন l ছবি: প্রথম আলো

নানা বিষয়ে ব্যস্ত এখন আফজাল হোসেন। খুশির খবর, এ বছর বইমেলায় তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে। আরও একটি আসবে। গতকাল তাঁর সঙ্গে দেখা হয়ে গেল প্রথম আলো আয়োজিত বর্ণমেলায় অভিনয় ও শিল্পীজীবন না এনে একেবারে বই বিষয়েই কথা হলো তাঁর সঙ্গে।

আফজাল ভাই, কী ধরনের বই লিখলেন?
একটা হচ্ছে সাত-আট বছরে বিভিন্ন পত্রিকায় আমার যে লেখাগুলো বেরিয়েছে, তার একটা সংকলন। নাম কথায় কথায় রাত। আরেকটা কবিতার বই কোনো জোনাকি এ অন্ধকার চেনে না। গল্পের বই এখনো আসেনি, গত ১০ বছরে যে গল্পগুলো লিখেছি, তা নিয়েই বইটি। নাম জাহাঙ্গীর বাদশার ঘোড়া।
তাহলে কি এ বছরের বইমেলা আপনার জন্য একটু অন্য রকম?
আমার বই বের হওয়া নিয়ে যদি কথা হয়, তবে বলতে হয়, এর আগেও আমার বই বেরিয়েছে। চারটা উপন্যাস আছে, দুটো কবিতার বই আছে, ভ্রমণকাহিনি আছে, গল্পেরও একটা সংগ্রহ আছে। একটা ধারণা ছিল, বই পড়ার অভ্যাস চলে গেছে মানুষের। কিন্তু আমি অর্ধেক বেলা বইমেলায় থেকে লক্ষ করেছি, মানুষ বই কেনে। সবচেয়ে আনন্দের বিষয়, ছোটরা বই কেনে বেশি।
আমরা যখন ছোট ছিলাম, তখন ‘কিশোর বাংলা’ নামে কিশোরদের পত্রিকায় আপনার করা ইলাস্ট্রেশন দেখতাম। খুব ভালো লাগত। শিশু-কিশোরদের জন্য কি কিছু লেখার ইচ্ছে আছে?
ওই যে কিশোর বাংলার কথা বললেন...আগে থেকেই তো পূর্বদেশ-এ শিশুদের জন্য ছিল চাঁদের হাট, সেখানেই আমরা সংঘবদ্ধ হই। আমার বয়সী লেখকদের অনেকেরই শুরুটা ওখান থেকে। শিশুদের জন্য আরও অনেক বই হওয়া উচিত। বাচ্চাদের জন্য বই হচ্ছে। কিন্তু পৃথিবীর বহু জায়গায় শিশুদের জন্য যে বই, তাতে আলাদা সৌন্দর্য থাকে, সেটা মনে হয় আমাদের এখানে শিশুদের বইয়ে কম।
প্রতিবছর প্রথম আলো যে বর্ণমেলা করে, এই যে এত কিছু মাঠের মধ্যে ছড়িয়ে থাকে, এই ভাবনাটি নিয়েই কিন্তু একটা বই হতে পারে। তা ছাড়া শিশুদের জন্য শুধু ছড়া, কবিতা, গল্পের বই-ই হতে হবে, এমন কোনো কথা নেই। ছবির বইও তো হতে পারে। খুব অল্প লেখা, বড় ছবির বইও হতে পারে। শিশুদের বইয়ের দিকে মনোযোগী করার মতো বই কিন্তু আমাদের কম।
স্মার্টফোন, ইউটিউব ইত্যাদি হাতের মুঠোয় চলে আসায় এখন মানুষের আগ্রহ কিছুটা পাল্টেছে...
বয়সের কারণেই যাঁরা অগ্রজ, তাঁদের ভূমিকা হচ্ছে, যদি আমরা বুঝি যে সময়টা পাল্টেছে, তাহলে আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে। শিশুর হাতে ওয়েব মানে এখন গোটা পৃথিবীটাই তার হাতে। বাইরের একটা বই দেখে ফেলেছে সে, তাই আমাদের বই সে রকম পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জও। শিশুর সামনে আকর্ষণীয় বই হাজির করার দায়টা কিন্তু আমাদের।
সাক্ষাৎ​কার: জাহীদ রেজা নূর