
আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘চে সংহতি’র উদ্যোগে ‘চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান-২০১৫’ আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠান নিয়ে চে সংহতির সমন্বয়কারী মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে কথোপকথন।
‘চে সংহতি’ চে গুয়েভারাকে নিয়ে অনুষ্ঠান কবে থেকে শুরু করেছে?
এই অনুষ্ঠানটি আমাদের সপ্তম আয়োজন। চে সংহতি ২০০৮ সাল থেকে চে গুয়েভারা স্মরণানুষ্ঠান করে আসছে। আমরা যখন প্রথম শুরু করি, তখন সেটাই ছিল আমাদের জানামতে বাংলাদেশে চে–কে নিয়ে প্রথম আয়োজন। সাত বছর পর আজ আমরা অনুভব করি, এর্নেস্তো চে গুয়েভারার বিশ্ব বিপ্লবী পরিচয়টা শাণিত করার ক্ষেত্রে এই আয়োজন একটা ভূমিকা রেখে চলছে।
আজকের অনুষ্ঠান সম্পর্কে বলুন...
আজ আমরা বকুলতলায় অনুষ্ঠান করছি। আলোচনা করবেন সলিমুল্লাহ খান, এম এম আকাশ, সাজ্জাদ শরিফ। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা ও জাহীদ রেজা নূর। গান গাইবেন বাপ্পা মজুমদার, সজীব ও আমি। আমরা চাই, তারুণ্য আজ সমবেত হোক বিপ্লবের স্বপ্নে, বকুলতলায়।
আজকের অনুষ্ঠানের বাইরে আপনার গানের দল মৃত্তিকার খবর বলুন।
বিজয়ের মাস ডিসেম্বর থেকে আগামী এপ্রিল পর্যন্ত মৃত্তিকা ব্যস্ত থাকবে মঞ্চে গান পরিবেশনা নিয়ে। এর পাশাপাশি আমাদের দ্বিতীয় অ্যালবামের গান নির্বাচন হয়ে গেছে। এখন পরবর্তী ধাপের কাজ চলছে। অ্যালবামটি প্রকাশ করতে চাই আগামী মে দিবসে। এ ছাড়া আমার পঞ্চম একক অ্যালবামের সংগীতায়োজনের কাজ চলছে। অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি। এটি আগামী মার্চে স্বাধীনতা দিবস সামনে রেখে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।