
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ছিল গতকাল। কবির স্মরণে আজ রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব।’ অনুষ্ঠানে গান করবেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। কথা হলো তাঁর সঙ্গে।
এবারের ২২শে শ্রাবণ...
বেশ ব্যস্ততায় কেটেছে। সকালে একাত্তর টিভির অনুষ্ঠান দিয়ে দিন শুরু হয়েছিল, দেশ টিভিতে ‘বাদলা দিনে মনে পড়ে’ নামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এ ছাড়া এসএ টিভিসহ আরও কয়েকটি টেলিভিশন চ্যানেলে গান করেছি।
মাছরাঙা টেলিভিশনে আজকের সরাসরি অনুষ্ঠানটি নিয়ে কী ভাবছেন?
রবীন্দ্রনাথের ৭৩তম মৃত্যুদিবস ছিল গতকাল। মূলত তাঁর মহাপ্রয়াণ স্মরণেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল। অনুষ্ঠানে বর্ষার গান গাইব, সঙ্গে থাকবে কিছু প্রেমের গানও। আসলে বর্ষা আর প্রেমের ব্যাপারটি তো খুব কাছাকাছি!
নতুন কোনো অ্যালবাম আসছে?
রবীন্দ্রনাথের নাটকের গানগুলো নিয়ে অ্যালবামের কাজ শেষ করেছি। যদিও অ্যালবাম বাজারে আসার ব্যাপারে সঠিক দিন-তারিখ এখনো বলতে পারছি না, তবে আশা করছি খুব শিগগিরই বাজারে আসবে।